২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরব সেতু নিয়ে এমকে আনোয়ারকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্ত দল বৃহস্পতিবার সাবেক কৃষিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির এম কে আনোয়ারকে একটি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 04:28 PM

Updated : 24 Aug 2022, 09:25 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্ত দল বৃহস্পতিবার সাবেক কৃষিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির এম কে আনোয়ারকে একটি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে। জোট সরকারের ২০০১-২০০৬ সালের আমলে একটি সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়ে সাবেক এই মন্ত্রীকে এক ঘণ্টারও বেশি সময় ধরে প্রশ্ন করে দুদক। প্রকল্পটি নিয়ে দুদক এ পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে। আনোয়ারের এলিফ্যান্ট রোডের বাসায় দুদক এর সহকারী পরিচালক হারুনুর রশীদের নেতৃত্বে তিন তদন্তকারী তাকে জিজ্ঞাসাবাদ করেন। সকাল ১১টা ১০ মিনিট থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ চলে। এ বিষয়ে জানতে চাইলে এম কে আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য ছিলাম। সেখানে যা কিছু সিদ্ধান্ত হয়, সর্বসম্মতিতে আইনসম্মতভাবেই হয়েছে বলে আমি তাদের বলেছি।'' জিজ্ঞাসাবাদ শেষে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, "ভৈরব সেতুর মামলার বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। বিষয়টি গোপনীয়- এ নিয়ে কিছু বলার সুযোগ নেই। '' ভৈরব সেতু দুর্নীতি মামলায় ইতিমধ্যে দুদক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জোট সরকারের ১০ মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চিঠি দিয়েছে। অন্যরা হলেন আবদুল মান্নান ভুঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, নাজমুল হুদা, আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও এ কে এম মোশাররফ হোসেন। এদের মধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা কমিশনে গিয়ে তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এছাড়া গত সোমবার সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়াকে তার গুলশানের বাসায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদক। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন গত রোববার দুদকের চিঠির জবাব পৌঁছে দেন কর্মকর্তাদের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২১১১ ঘ.