২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল গিয়ে জামিন নিলেন ফারুক

মানহানির একটি মামলায় নড়াইল আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 06:50 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

নড়াইল, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির একটি মামলায় নড়াইল আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। উচ্চ আদালতের নিদের্শ অনুযায়ী নড়াইলের মুখ্য মহানগর হাকিম অমুল্য কুমার সরকারের আদালতে বৃহস্পতিবার সকালে হাজির হন ফারুক। আদালত তার জামিন মঞ্জুর করে আগামী ৯ জুন শুনানির পরবর্তী তারিখ ঠিক করেছে। প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে ভিওআইপি সংশ্লিষ্টতার অভিযোগ এনে বক্তব্য দেওয়ায় বিভিন্ন স্থানের মতো নড়াইলেও একটি মানহানির মামলা হয়। গত ১৮ মার্চ এ মামলা করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. সাইফুল ইসলাম। বিএনপির প্রচার সম্পাদক ফারুক গত ১১ মার্চ সংসদে বলেন, সজিব অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন এক সংবাদ ব্রিফিংয়েও একই অভিযোগ করেন তিনি। এরপর তার বিরুদ্ধে ডজন খানেক মামলা হয়। এ সব মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে উচ্চ আদালত তাকে নিু আদালতে হাজির হতে নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৪০ ঘ.