২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি ক্লাবে ফ্লাডলাইট বন্ধ হলেও চলছে বিদেশিতে

বিদ্যুৎ সঙ্কটের মধ্যেও ঢাকার অধিকাংশ বিদেশি ক্লাব ফ্লাডলাইট ব্যবহার করে চলছে, যদিও দেশি ক্লাবগুলোতে তার ব্যবহার বন্ধ করতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 06:42 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

ডেভিড বার্গম্যান ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সঙ্কটের মধ্যেও ঢাকার অধিকাংশ বিদেশি ক্লাব ফ্লাডলাইট ব্যবহার করে চলছে, যদিও দেশি ক্লাবগুলোতে তার ব্যবহার বন্ধ করতে বলেছে আদালত। অনুসন্ধানে জানা যায়, ঢাকায় নর্ডিক, ডাচ, ব্রিটিশ, ব্রিটিশ হাই কমিশন, জার্মান, কানাডিয়ান এবং আমেরিকান ক্লাবের প্রতিটিতেই সন্ধ্যার পর ফ্লাডলাইটের আলোয় টেনিস খেলা চলে। অভিজাত এলাকা গুলশান ও বারিধারার এসব ক্লাবগুলোতে যান মূলত বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকরা। এছাড়া বাংলাদেশের কূটনীতিক মহলের অনেকেরই এসব ক্লাবে যাতায়াত রয়েছে। শুধু ইন্টারন্যাশনাল ক্লাব নিজস্ব উদ্যোগে ফ্লাডলাইট ব্যবহার করা বন্ধ করেছে। একটি রিট আবেদনে গত ২ মে ঢাকা ক্লাব, অফিসার্স ক্লাব ও উত্তরা ক্লাবকে তিন মাসের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফ্লাডলাইট জ্বালিয়ে টেনিস খেলা চালাতে নিষেধ করে হাইকোর্ট। পরে গুলশান ক্লাবকেও একই নির্দেশ দেওয়া হয়। এছাড়া ফ্লাডলাইট জ্বালিয়ে টেনিস খেলার জন্য রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হকের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শানোর নির্দেশ দেয় আদালত। ফ্লাডলাইট ব্যবহারের ব্যাপারে নর্ডিক ক্লাবের ব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু রাতের বেলাতেই আমাদের সদস্যরা টেনিস খেলার সময় পান।" ঢাকার বৈদ্যুতিক সঙ্কটকে সামনে রেখে ফ্লাডলাইট ব্যবহার বন্ধ করা হবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "না, আমার মনে হয় না আমাদের সদস্যরা এতে রাজি হবেন।" নর্ডিক ক্লাবের পরিচালনা পর্ষদের প্রধান থিও ওল্ফেটেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্লাবের সব ধরনের সুবিধার জন্য আমাদের সদস্যরা নিয়মিত ফি দেন। এর মধ্যে টেনিস কোর্টের সুবিধাও রয়েছে। আমরা ফ্লাডলাইট ব্যবহার বন্ধ করলে সদস্যদের নিয়ে ঝামেলায় পড়তে হবে।" তবে ওল্ফেটেন বলেন, বাংলাদেশের বিদ্যুৎ সঙ্কটের বিষয়টি নিয়ে তারা সচেতন আছেন এবং বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করছেন না তারা। ব্রিটিশ এইড গেস্ট হাউজ নামে পরিচিত ব্রিটিশ ক্লাবের মুখপাত্র জানান, তাদের ক্লাবে এখনো ফ্লাডলাইট ব্যবহার করা হলেও তা বন্ধে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা এলে তা তারা মেনে নেবেন। একমাত্র ফ্লাডলাইট ব্যবহার বন্ধ করে দেওয়া ইন্টারন্যাশনাল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শ্যারন ভান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবাদপত্রে স্থানীয় ক্লাবগুলোতে ফ্লাডলাইট ব্যবহার বন্ধ করার জন্য হাইকোর্টের নির্দেশের কথা পড়েই আমরা তা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি।" "অন্য ক্লাবগুলো কী করছে তা আমার জানা নেই", বলেন তিনি। আমেরিকান ক্লাবের বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেন, তারা বাংলাদেশের সব আইন-কানুন মেনে চলেন। এ বিষয়ে আর কিছু বলতে চাননি তিনি। হাইকোর্টের নির্দেশে ফ্লাডলাইট ব্যবহার বন্ধ করে দেওয়া গুলশান ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, "পিটিশন দায়েরকারী শুধু চারটি ক্লাবের নাম উল্লেখ করেছিলেন। হাইকোর্ট সেই চারটি ক্লাবের বিরুদ্ধেই নির্দেশ দিয়েছে, অন্য কোনো ক্লাবের বিষয়ে কিছু বলা হয়নি।" তিনি বলেন, "হাইকোর্ট যদি বিদেশিদের ক্লাবগুলোকেও ফ্লাডলাইট ব্যবহার বন্ধ করতে বলতো, তাহলে তারা কী করতো আমার জানা নেই।" ফ্লাডলাইট ব্যবহার বন্ধ করে দেওয়ায় ক্লাবগুলোকে কোনো অসুবিধায় পড়তে হয়েছে কি না- জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিবি/কিউএইচ/এমআই/১১৩০ ঘ.