ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে বুধবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি রমনা থানার সহাকরী উপ-পরিদর্শক মিজানুর রহমানের হত্যাকারী বলে দাবি করেছে পুলিশ।
নিহত রাহাত একটি ছিনতাই চক্রের নেতা বলেও জানিয়েছে তারা।
পুলিশ আরো বলছে, রাহাতের নেতৃত্বে এই চক্রটিই এটিএন বাংলার চিত্রগ্রাহক শফিকুল ইসলাম মিঠুকেও হত্যা করেছে।
বুধবার বিকালে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক বলেন, রাহাত, সুজন, রাজু ও আরো কয়েকজনের এই দলটি রাজধানীতে প্রাইভেটকারে করে যাত্রী নেওয়ার নামে ছিনতাই করতো।
মিজান হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার সুজন ও রাজুর স্বীকারোক্তির বরাত দিয়ে ডিএমপি কমিশনার হত্যাকাণ্ডের বিবরণ দেন।
তিনি বলেন, ৪ মে রমনা থানার নয়াটোলা ফাঁড়ির ডিউটি শেষে টাঙ্গাইলের গ্রামের বাড়ি যাবার উদ্দেশে মিজানুর রহমান একটি বাসে করে উত্তরার আবদুল্লাহপুরে যান। রাহাত তখন প্রাইভেটকারে করে টাঙ্গাইলের যাত্রী ডাকছিল। প্রথমে যাত্রীবেশে রাজু ওরফে জামাই রাজু গাড়িতে ওঠে বসে। মিজান গাড়িতে চড়ার পর দলের আরেকজন বামপাশ দিয়ে গাড়িতে ঢোকে। কিছুদুর যাবার পরে দুজন তার জিনিসপত্র কেড়ে নেয়। একপযার্য়ে মিজান নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দেয়। তখন রাহাত বলে, একে বাঁচিয়ে রাখা যাবে না। গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে তারা টাঙ্গাইলের মির্জাপুরের চরপাড়া বাইপাসে ফেলে রাখে।
কমিশনার জানান, টাঙ্গাইল পুলিশের সঙ্গে মহানগর গোয়েন্দা পুলিশও ঘটনার তদন্ত শুরু করে। ডিবির সহকারী কমিশনার এসএম রফিকুল ইসলামের নেতৃত্বে ১১ মে মাদারীপুর থেকে সুজন (২৩) কে গ্রেপ্তার করা হয়। একই দিন মিরপুর স্টেডিয়ামের সামনে থেকে রাজু ওরফে জামাই রাজুকে (২২) গ্রেপ্তার করে ডিবি। জিজ্ঞাসাবাদে তারা রাহাতের জড়িত থাকার কথা স্বীকার করে।
কমিশনার বলেন, "রাহাতকে ধরার জন্যে ডিবি সদস্যরা পল্লবী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় রাহাত তার ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি চালিয়ে পালিয়ে যাবার সময় পুলিশ চ্যালেঞ্জ করে। সে গাড়িটি ফেলে পালিয়ে যাবার চেষ্টা করলে দুইপক্ষে গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থলে এক সন্ত্রাসীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। অপর সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে রাহাত বলে সনাক্ত করা হয়। তার কাছ থেকে একটি গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়েছে।"
শহিদুল হক বলেন, "এই চক্রটিই এটিএন বাংলার সাংবাদিক শফিকুল ইসলাম মিঠুকে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। তাদের রিমান্ডে এনে এ বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।"
এসময় অপরিচিত যাত্রীদের সঙ্গে প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে যাতায়াত না করার জন্যে কমিশনার পরামর্শ দেন।
ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে রাজু ও সুজন বলে, রাহাতকে তারা স্যার বলে ডাকতো। মাসে ৪০/৫০টি ছিনতাই করা হতো। তাতে রাজু ও সুজন প্রতিমাসে ২০/২৫ হাজার করে টাকা পেতো। দুজনেই আগে অন্য চাকরি করলেও তা ছেড়ে ছিনতাই করা শুরু করে। ছিনতাই করার জন্যেই রাহাত প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-খ ১১-২৮৪৭) কেনে।
রাজু বলেন, "মিজান নিজেকে পুলিশ পরিচয় দেয়ার পরে রাহাত স্যার তাকে মেরে ফেলতে বলে। এয়ারপোর্ট নিয়ে যাওয়ার কথা বলে মিঠুকে একইভাবে গাড়িতে তোলা হয়। ছিনতাইয়ের সময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলে তাকেও রাহাত স্যার মেরে ফেলতে বলে।"
বুধবার সন্ধায় পর্যন্ত নিহত রাহাতের কোন আত্মীয়স্বজন লাশ নিতে মর্গে আসেনি। রাহাতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২১৪৭ ঘ.
bdnews24