ময়মনসিংহ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের চুরখাই এলাকায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন।
বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানিয়েছেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো একজন।
নিহত আবু তাহের ঢাকার গুলশান থানা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
তিনিসহ চারজন একটি মাইক্রোবাসে চড়ে ঢাকা থেকে ময়মনসিংহ আসছিলেন।
পুলিশ কর্মকর্তা আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, মাইক্রোবাসটি তাহেরই চালাচ্ছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের একটি গাছের সঙ্গের এটির ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ চুরমার হয়ে যায়।
দুর্ঘটনায় তাহের ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়। আহত তিনজনকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যায় তাহেরের বন্ধু এমএ কুদ্দুস অপু।
হতাহতরা রাজধানীর গুলশান ও খিলক্ষেত এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৭ ঘ.
bdnews24