২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে তাঁত বন্ধ

বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি সুবিধাসহ ছয় দফা দাবিতে তাঁত বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তাঁত মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 05:28 AM

Updated : 24 Aug 2022, 09:25 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি সুবিধাসহ ছয় দফা দাবিতে তাঁত বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তাঁত মালিকরা। গত শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন। তারা বলেছেন, সুতার দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আইয়ুব মিয়া বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশে সব তাঁত বন্ধ রয়েছে। সব তাঁত মালিক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। ধর্মঘট স্থগিতে সরকারের সঙ্গে আলোচনার কোনো প্রস্তাব পাওয়া যায়নি বলে জানান তিনি। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সুতার দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তাঁতিরা বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির দাবি জানিয়ে আসছেন। ভারত থেকে এই স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বর্তমানে নিষিদ্ধ। অন্যদিকে দেশের সুতা উৎপাদকরা বলছেন, বেনাপোল দিয়ে সুতা আমদানির সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এতে দেশের সুতা শিল্প ধ্বংস হবে। হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন ভুঁইয়া শনিবারের সংবাদ সম্মেলনে বলেন, গত বছর অক্টোবর মাসে বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি বন্ধ হওয়ার পর দেশে সুতার দাম বাড়তে শুরু করে। আমদানি বন্ধের আগে ৪০ কাউন্টের প্রতি পাউন্ড সুতার দাম ছিল ৬৫ টাকা। মাত্র পাঁচ থেকে ছয়মাসের মধ্যে তা বেড়ে ১১৫ টাকায় দাঁড়িয়েছে। তিনি বলেন, সুতার দাম প্রতি পাউন্ডে ৫০ টাকা বেড়ে যাওয়ায় তাঁত মালিকরা তাদের প্রতিষ্ঠান চালাতে পারছেন না। কারণ, সুতার দাম বাড়লেও তারা উৎপাদিত পণ্যের দাম বাড়াতে পারছেন না। "এজন্য ইতোমধ্যেই দেশের ৬০ শতাংশ তাঁত বন্ধ হয়ে গেছে। সুতার দাম নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অন্য কারখানাগুলোও বন্ধ হয়ে যাবে", বলেন তিনি। তাঁত মালিকদের এ কর্মসূচিতে নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ-ও সমর্থন করছে। সংগঠনের সহ-সভাপতি জাহিদুল হক ভূঁইয়া জানান, দেশে প্রতি বছর সুতার চাহিদা প্রায় ১০ লাখ মেট্রিক টন। এরমধ্যে নিট শিল্পে সাত লাখ এবং তাঁত শিল্পে তিন লাখ টন। দেশের ২৬৬টি স্পিনিং মিলে সুতার উৎপাদন ক্ষমতা মাত্র ছয় লাখ টন। তাও গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের কারণে এ উৎপাদন কমে গেছে। ফলে দেশে সুতার বড় ধরণের ঘাটতি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১১২০ ঘ.