২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা বৈঠকে সাড়া দিচ্ছে না বিএসএফ

সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠানে বিএসএফ সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 05:56 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

সিলেট, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠানে বিএসএফ সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। মঙ্গলবার ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুইমাস ধরে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী- বিএসএফ বাংলাদেশর কোনো চিঠি গ্রহণ করছে না। মঙ্গলবারও একবার পতাকা বৈঠকের আহ্বান জানানো হয় বলে তিনি জানান। সোমবার সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত হয়। জামাল উদ্দিন (২৮) নামের ওই ব্যক্তি বিএসএফের গুলিতে মারা গেছেন বলে স্থানীয়রা জানালেও বিডিআর এখনো তা নিশ্চিত করেনি। ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পর এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত সম্পন্ন হলেও এখনো তার ফলাফল পাওয়া যায়নি বলে বিডিআর কর্মকর্তা জানিয়েছেন। এদিকে নাম প্রকাশ না করার শর্তে ২১ রাইফেলস ব্যাটালিয়নের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবারের ঘটনার পর বিডিআর সীমান্তে টহল জোরদার করেছে এবং সতর্ক অবস্থানে রয়েছে। গোয়াইনঘাট থানার ওসি মঈন উদ্দিন চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা তাকে জানিয়েছেন বিএসএফ জামাল উদ্দিনকে গুলি করে হত্যা করেছে। জেলার জৈন্তাপুর সীমান্তে বিরোধপূর্ণ ডিবির হাওরে ভারতীয় খাসিয়াদের মাছ ধরা নিয়ে সীমান্তে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। কিছুদিন আগে বিএসএফ'র গুলিতে কয়েকজন বাংলাদেশি আহত হয়। সীমান্তে খাসিয়াদের সঙ্গে বাংলাদেশিদের সংঘর্ষের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। এ বছর নয়া দিল্লিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে বিডিআর-বিসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে আলোচনাও হয়েছে। আগের বছর ঢাকা সম্মেলনে সীমান্তে গুলিবর্ষণ বন্ধের প্রতিশ্র"তি দিয়েছিল বিএসএফ। বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/এইচএ/২৩৪৯ ঘ.