২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্তির দাবিতে অবরোধ, লাঠিপেটা

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুল এমপিওভুক্তির দাবিতে সোমবার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর সড়ক অবরোধ চলাকালে পুলিশ লাঠিপেটা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 06:34 PM

Updated : 24 Aug 2022, 09:19 PM

গোপালগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুল এমপিওভুক্তির দাবিতে সোমবার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর সড়ক অবরোধ চলাকালে পুলিশ লাঠিপেটা করেছে। ঘটনাস্থল থেকে ছাত্র-শিক্ষকসহ ১১ জনকে আটক করে থানায় নিয়ে আবার ছেড়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, সকালে কাশিয়ানী পোনা এম এ খালেক মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে স্কুলের ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কের পোনায় গাছ ফেলে সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষকরা সড়কের উপর বসে বিক্ষোভ করার সময় পুলিশ এসে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবুল হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ঢালী, শিক্ষক মো. আশরাফ আলী, মো. ফারুক হোসেন, মো. নওশের আলী ও তিন শিক্ষার্থীসহ ১১ জনকে আটক করে কাশিয়ানী থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আটকদের মুক্তির দাবিতে স্কুলের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়। স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী সোনিয়া জানিয়েছে, অবরোধের সময় পুলিশ লাঠিপেটা করে আমাদের তাড়িয়ে দেয়। লাঠির আঘাতে স্কুলের ছাত্রী সুমি, আঁখি ও নাহিন আহত হয়েছে। কাশিয়ানী থানার ওসি মেজবাহ উদ্দিন খান বলেন, মহাসড়ক থেকে অবরোধ সরানোর জন্য ছাত্র-শিক্ষকসহ আন্যদের আটক করা হয়েছে। দুপুরে তাদের ছেড়েও দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.