২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান শ্রমিক ধর্মঘট চলছে

নৌযান শ্রমিকদের একাংশের ডাকা ধর্মঘট সোমবার তৃতীয় দিনের মতো অব্যাহত আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 06:31 AM

Updated : 24 Aug 2022, 09:21 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিকদের একাংশের ডাকা ধর্মঘট সোমবার তৃতীয় দিনের মতো অব্যাহত আছে। ধর্মঘটের মাঝে সকাল ১১টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের ১৬টি লঞ্চ সদরঘাটে ভিড়েছে। ১০টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও গেছে ছয়টি। ধর্মঘট আহ্বানকারী নৌযান শ্রমিক ফেডারেশনের কাউকে সকালে সদরঘাট টার্মিনালে দেখা যায়নি। যেসব লঞ্চ ছেড়ে গেছে তাতে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। অবশ্য মাস্টার, ড্রাইভার, সুকানি এবং যাত্রী সঙ্কটের কারণে চারটি লঞ্চ ছাড়েনি বলে জানিয়েছেন সদরঘাটে বিআইডব্লিউটিএ'র ট্রাফিক ইন্সপেক্টর মাহতাব উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল ১১টা পর্যন্ত তানজিল-৩, সোনার তরী-১, লামিয়া, বোগদাদিয়া-৮, স্বর্ণদ্বীপ-৮ এবং ময়ূর-১ নামের লঞ্চ বরিশাল, চাঁদপুর, মুন্সীগঞ্জ ও পটুয়াখালীসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। আগের দিন রোববার এ সময়ে বিভিন্ন গন্তব্যে ১৩টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও গিয়েছিলো ছয়টি। নোঙর করেছিলো ১৫টি। ছেড়ে যাওয়ার একটি লঞ্চের একজন ম্যানেজার নাম না প্রকাশ করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুটি লঞ্চের যাত্রী একটি লঞ্চে যাচ্ছে। মাস্টার ও ড্রাইভার বাদ দিয়ে সুকানি দিয়ে লঞ্চ চালানো হচ্ছে।" নুতন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে নৌশ্রমিকদের জন্য গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। তবে তাদের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে নৌমন্ত্রী শাহজাহান খান বলছেন, এ ধর্মঘট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রোববার ধর্মঘট প্রত্যাহার করে আলোচনার আহ্বানও জানান তিনি। তবে আহ্বান প্রত্যাখ্যান করে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ধর্মঘটী নৌযান শ্রমিক ফেডারেশন। এর আগে বৃহস্পতিবার নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও ফেডারেশন কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২২২ ঘ.