২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিও বঞ্চিতদের নানা কর্মসূচি

দেশের বিভিন্ন স্থানে এমপিও বঞ্চিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা রোববার নানা কর্মসূচি পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 06:11 PM

Updated : 24 Aug 2022, 09:16 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে এমপিও বঞ্চিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা রোববার নানা কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে জামালপুরে শিক্ষামন্ত্রী, সংসদের হুইপ ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করা হয়। জয়পুরহাটে সংবাদ সম্মেলনে বৈষম্যের নিন্দা জানানো হয়। গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি জানান, দুর্নীতির অভিযোগে শিক্ষামন্ত্রী, সংসদের হুইপ ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করেছে জেলার এমপিও বঞ্চিত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। দুপুরে শহরে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। সমাবেশে বক্তব্য দেন- মাদারগঞ্জের ঘুঘুমারী মির্জা কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সংগ্রাম ঐক্য পরিষদের আহবায়ক মোশারফ হোসেন, শিক্ষক নেতা ফজলুল হক, আয়নল হক প্রমুখ। তাদের দাবি মানা না হলে সোমবার থেকে ক্লাস বর্জন, মঙ্গলবার রাজপথ-রেলপথ অবরোধ ও বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ মির্জা আজমের ঢাকার কার্যালয় ঘেরাও কর্মসূচি করার ঘোষণা দেওয়া হয়। বক্তারা অভিযোগ করেন, সম্পূর্ণ মনগড়াভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও করা হয়েছে। শনিবার বিকালে শিক্ষকরা শহরের নয়াপাড়া মোড়ে মাদারগঞ্জ সমিতির কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে অভিযোগ করেন, যোগ্যতা থাকার পরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, এমপিও বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা সংবাদ সম্মেলন করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। সকালে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন তিতাস মোস্তফা। তিনি জানান, জেলার ৩২টি মাধ্যমিক ও নিু মাধ্যমিক, ১৭টি দাখিল ও আলিম মাদ্রাসা, ৫টি করিগরিও সাধারণ মহাবিদ্যালয় এমপিওভুক্তির সকল শর্ত পূরণ করে আবেদন করেছিল। শিক্ষামন্ত্রী প্রত্যেক জেলায় শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দিলেও জয়পুরহাটে আবেদন করা একটিও এমপিওভুক্ত হয়নি। জয়পুরহাটের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ পরিহার করে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি এমপিওভুক্তির দাবি জানানো হয়। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেলার কাশিয়ানী উপজেলার পোনা এম এ খালেক মাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত না করায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। সকালে স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। সেখানে ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন করে। এ সময় স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেন মোল্লা, শিক্ষক মো. ইয়াছিন শেখ, মো. ফায়েকুজ্জামান, আবুল কাশেম মোল্লা, খন্দকার সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/০০০০ ঘ.