হবিগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় রোববার বিকালে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বকুল মিয়া (৩০), তার ভাই ফারুক মিয়া (২৫), মা নুরুন্নাহার (৫০), চাচী মনোয়ারা (৪৫), ফুপু রোশনা (৩৫) এবং গাড়িচালক আবুল কাশেম (৩০)।
কাশেমের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে।
নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। এরা সবাই শ্রীমঙ্গলে শ্রমিক হিসেবে কাজ করতো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মাধবপর থানার ওসি শেখ কবিরুল ইসলাম ।
তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়ায় সিলেটগামী প্রাইভেটকারটির সঙ্গে ঢাকামুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ ছয়জন মারা যায়।
গত শুক্রবার নিহত বকুলের চাচার মৃত্যু সংবাদ পেয়ে তারা শ্রীমঙ্গল থেকে বাড়িতে আসে। রোববার লাশ দাফন শেষে কর্মস্থলে যাওয়ার পথে তারা এ দুর্ঘটনার শিকার হয়।
পুলিশ ট্রাক আটক করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24