ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন দাবি করে এ ক্ষেত্রে কত টাকা তিনি জরিমানা দিয়েছেন তথ্য হিসেবে তাও তুলে ধরেছে আওয়ামী লীগ।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ২০০২-০৩ থেকে ২০০৬-০৭ অর্থবছর পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৭১০ টাকা সাদা করেছেন। এ জন্য কর দিয়েছেন ৩৩ লাখ ৮৭ হাজার টাকা।
বিরোধীদলীয় নেতা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৬ আগস্ট জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করেন বলে জানান হানিফ।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে হানিফ এ তথ্য তুলে ধরেন।
হানিফ জানান, কালো টাকা সাদা করতে খালেদা ২০০২-০৩ অর্থ বছরের জন্য ৩০ লাখ ৩১ হাজার ৪৪ টাকা, ২০০৩-০৪ অর্থ বছরের জন্য ১ লাখ ১৭ হাজার ১৬৮ টাকা, ২০০৪-০৫ অর্থ বছরের জন্য ৮২ হাজার ৭৯০ টাকা, ২০০৫-০৬ অর্থ বছরের জন্য ৮৩ হাজার ৩৫৬ টাকা এবং ২০০৬-০৭ অর্থ বছরের ৭২ হাজার টাকা কর ও জরিমানা দিয়েছেন।
দেওয়া তথ্য নিয়ে সন্দেহ হলে তা যাচাইয়ের জন্য খালেদা জিয়ার কর সনাক্তকরণ নম্বরও (টিআইএন) সাংবাদিকদের জানিয়ে দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার বরগুনায় এক জনসভায় বলেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বিপুল পরিমাণ কালো টাকা সাদা করেছেন। এর জবাবে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, তার নেত্রী কোনো কালো টাকা সাদা করেননি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, খালেদা জিয়া এবং তার পরিবার কালো টাকা সাদা করতে কর দিয়েছেন- এ কথাটিই তার নেত্রী বরগুনার জনসভায় বলেছিলেন।
"পরদিনই সংবাদ সম্মেলন করে বিএনপি'র মহাসচিব আমাদের নেত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।"
চারদলীয় জোট সরকারের অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানও কালো টাকা সাদা করেছিলেন বলে দাবি করেন হানিফ।
তিনি বলেন, "একজন সাধারণ মানুষ বলতে পারেন, কর আমি ভুল করে দিইনি। কিন্তু, সরকার প্রধান বা অর্থমন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থেকে এটা হতে পারে না।"
বিএনপি মহাসচিব দেলোয়ার এবং সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরস্পরবিরোধী বক্তব্য তুলে ধরে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, "একদিকে মহাসচিব বলছেন, তার নেত্রী এক টাকাও সাদা করেননি। অন্যদিকে, সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, নিয়মতান্ত্রিক ভাবেই কালো টাকা সাদা করা হয়েছে। তাহলে কে মিথ্যাচার করছেন, তারাই ভালো বলতে পারবেন।"
খালেদার রাজশাহীর জনসভামুখী বগুড়ার বিএনপি নেতা নাটোরে অন্তর্কোন্দলে নিহত হয় বলে দাবি করেন হানিফ।
তার বক্তব্য, নাটোরের সিংড়ায় বিএনপি'র সাবেক সংসদ সদস্য গাজী গোলাম মোর্শেদ ও রুহুল কুদ্দুস তালুকদারের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হলে একজন নিহত হয়।
বিএনপি অভিযোগ, সরকার সমর্থক ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন নিহত হন। এর প্রতিবাদে বিএনপির ডাকে রোববার বগুড়ায় আধাবেলা হরতাল হয়।
বিরোধী দলের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, "আপনারা ভালো কাজ করুন। ভবিষ্যতে জনগণ আপনাদের ভালো কাজের মূল্যায়ন করলেও করতে পারে। আর, সরকারকে অস্থিতিশীল করতে চাইলে ২০০৮ সালের নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি হবে।"
ভোলার উপনির্বাচনের বিষয়ে হানিফ বলেন, বিএনপি ভোলার উপনির্বাচনকে আন্দোলনের ইস্যু করতে চেয়েছিলো, কিন্তু ব্যর্থ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24