২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ীদের ধর্মঘট

বিপণি বিতান এবং দোকান তিন ঘণ্টা বন্ধ রেখে বাণিজ্য মেলা শুরুর উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে সিলেটের ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 08:29 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

সিলেট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপণি বিতান এবং দোকান তিন ঘণ্টা বন্ধ রেখে বাণিজ্য মেলা শুরুর উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে সিলেটের ব্যবসায়ীরা। তারা বলছে, নগরীর সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে যে বাণিজ্য মেলার আয়োজন চলছে, তাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। মেলা বন্ধের দাবিতে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘটের ডাক দেয়। একই দাবিতে তারা মানববন্ধন ও সমাবেশও করেছে। দুপুরে চৌহাট্টা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে ব্যবসায়ী নেতারা বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আলীয়া মাদ্রাসা মাঠে কোনো মেলা হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অর্থমন্ত্রী নিজেই এখন ওই মাঠে মেলা আয়োজনের অনুমতি দিয়েছেন। "আলীয়া মাদ্রাসা মাঠে মেলা হলে সিলেটের ব্যবসায়ীরা পথে বসবে", বলেন ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া। তারা আশা করছেন, মেলা আয়োজনের অনুমতি কর্তৃপক্ষ বাতিল করবে। সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর আবদুল খালিক, ব্যবসায়ী নেতা নাজমুল ইসলাম, রেজাউল হাসান কয়েস লোদী, তুরণ মিয়া, এমদাদ হোসেন চৌধুরী ও আবু জাফর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪২০ ঘ.