চট্টগ্রাম, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার কাজ অবিলম্বে শুরু করার দাবিতে নগরীতে মানববন্ধন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ফোরামের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের চিিহ্নত যুদ্ধাপরাধীরা তাদের মানবতা বিরোধী কর্মকান্ডের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে।
দেশে-বিদেশে অবস্থানরত তাদের দোসরদের মাধ্যমে তারা এই বিচার প্রক্রিয়াকে শুধু বাধাগ্রস্ত করাই নয়, নাশকতার মাধ্যমে দেশে একটি অরাজক পরিস্থিতিও সৃষ্টি করতে চায় বলে বক্তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেকমন্ত্রী ও সাংসদ মোশাররফ হোসেন, ফোরামের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হারুণ হাবীব, সাবেক সাংসদ এম কফিল উদ্দিন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক ডিআইজি নুরুল আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/০০৩০ ঘ.
bdnews24