ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল বিক্রির কমিশনসহ ১৩ দফা দাবিতে রোববার থেকে ধর্মঘট ডেকেছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা।
তবে সিএনজি স্টেশনগুলো এ ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
ধর্মঘট আহ্বানকারী পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়নের কোনো তৎপরতা সরকার দেখাচ্ছে না। তাই আবার ধর্মঘট ডেকেছেন তারা।
এ দাবিতে দুই মাস আগে প্রতীকী ধর্মঘট করে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা।
নাজমুল বলেন, "বৃহস্পতিবারও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশেন (বিপিসি) এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেছিলাম। কিন্তু তিনিও কোনো সিদ্ধান্ত দিতে পারেননি।"
পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল বলেন, রোববার ভোর ৬টা থেকে সারাদেশে প্রায় ৯ হাজার পেট্রোল পাম্পে তেল বিক্রি এবং ট্যাংক লরির মাধ্যমে তেল সরবরাহ বন্ধ থাকবে।
১৩ দফা দাবির মধ্যে রয়েছে- তেল বিক্রয়ের কমিশন ২ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা, পেট্রোল পাম্প স্থাপনে নীতিমালা প্রণয়ন, প্রত্যেক ডিপোতে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু, ডিপো সংলগ্ন স্থানে লরি টার্মিনাল-বিশ্রামাগার নির্মাণ, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি এবং লরির কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি 'হয়রানি' বন্ধ।
এর আগে ১৪ মার্চ এসব দাবিতে ঐক্য পরিষদ সারাদেশে ছয় ঘণ্টার প্রতীকী ধর্মঘট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24