২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুশনারার বিজয়ে সিলেটে শোভাযাত্রা

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাঙালি রুশনারা আলীর বিজয়কে স্মরণীয় করে রাখতে সিলেট নগরীতে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 10:17 AM

Updated : 24 Aug 2022, 09:16 PM

সিলেট, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাঙালি রুশনারা আলীর বিজয়কে স্মরণীয় করে রাখতে সিলেট নগরীতে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বেলা সাড়ে ১২টায় নগর ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। শেষ হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন রুশনারা। তার জন্ম ১৯৭৫ সালে সিলেটে। মাত্র সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে লন্ডনে যান তিনি। সিটি করপোরেশনের আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন স্বতঃস্ফূর্তভ্রাবে অংশ নেন। তাদের অনেকের হাতে ছিলো বাংলাদেশ ও ব্রিটেনের জাতীয় পতাকা। বাদ্য বাজায় পুলিশ ও বাগবাড়ী শিশু সদনের ব্যান্ড দল। শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ব্রিটিশ পার্লামেন্টে একজন বাঙালির বিজয় জাতির জন্য গর্বের। রুশনারা ভালবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন। তার বিজয় বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। মেয়র আশা প্রকাশ করেন, রুশনারা ব্রিটিশ পার্লামেন্টে বাঙালিদের, বিশেষ করে সিলেটবাসীর পক্ষে কথা বলবেন। রুশনারা আলীর বিজয়ে ব্রিটেন-বাংলাদেশ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শোভাযাত্রায় মেয়রপত্মী আসমা কামরান, সিটি করপোরেশনের সচিব হারুন-অর রশিদ মোল্লা, কাউন্সিলর রাজিক মিয়া, আব্দুল খালিক, রেজাউল হাসান কয়েস লোদী, রেজওয়ান আহমদ, মুজিবুর রহমান শওকত, ফয়জুল আনোয়ার, আজাদু রহমান আজাদ, সাজ্জাদুর রহমান সুজ্জাদ, সালেহ আহমদ সেলিম, মো. শাহজাহান প্রমুখও অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬০৮ ঘ.