২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিলাইদহ-শাহজাদপুরে হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়'

শান্তি নিকেতনের আদলে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শিলাইদহ ও শাহজাদপুর নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 07:39 AM

Updated : 24 Aug 2022, 09:16 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তি নিকেতনের আদলে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শিলাইদহ ও শাহজাদপুর নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবিগুরুর জন্মজয়ন্তীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার উপদযাপিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী। এ উপলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, "শিলাইদহে শান্তি নিকেতনের মতো একটি বিশ্ববিদ্যালয় করার কথা বলে গিয়েছিলেন জাতির পিতা। শিলাইদহের এক নেতা '৭২ সালে বঙ্গবন্ধুর একটি বক্তৃতা আমাকে দেখিয়েছিলেন, সেখানেই তিনি একথা বলে গেছেন। আমরা শিলাইদহ ও শাহজাদপুরকে ঘিরে শান্তি নিকেতনের আদলে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করবো।" কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রস্মরণ চলছে। কবি জীবনের কিছুটা সময় এ দুটি স্থানে কাটিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, "আনন্দে হোক, সংগ্রামে হোক, আশায় হোক, বেদনায় হোক, আমরা রবীন্দ্রনাথকে সব সময় আমাদের পাশে পাই। প্রতি সময় তাকে আমরা নতুনভাবে উপলব্ধি করি। তিনি আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে চিনিয়েছেন। গীতাঞ্জলি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে নিয়ে গেছে।" সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দিয়ে এবং তাতে নবীনদের সম্পৃক্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "সমাজ বিপথে চলে যাচ্ছে। অর্থের পিছন ছুটছে। তরুণরাও অর্থের পেছন ছুটছে বিকৃতভাবে। এ থেকে সবাইকে ফিরিয়ে আনতে হবে।" সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শাহজাদপুর রবীন্দ্র কাচারী বাড়িতে তিন দিনব্যাপী কবিগুরু স্বরণ মেলা শুরু হয়েছে। এতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের রবীন্দ্র সঙ্গীত, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হবে। শিলাইদহ কুঠিবাড়িতে একই আঙ্গিকে দুদিনের অনুষ্ঠান শুরু হয়েছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কুষ্টিয়া প্রতিনিধি। ডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৩৫ ঘ.