২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে মা ও মেয়েকে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া গ্রামে শুক্রবার সকালে বিষ খাইয়ে মা ও মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 12:24 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

মানিকগঞ্জ, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া গ্রামে শুক্রবার সকালে বিষ খাইয়ে মা ও মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা হলেন কুন্দুরিয়া গ্রামের আক্কাস আলীর স্ত্রী হাউসী বেগম (৩৫) ও তাদের মেয়ে চুমকি (৩)। নিহতের স্বজনদের অভিযোগ, আক্কাস আলী বিষ খাইয়ে হাউসী ও চুমকিকে হত্যা করেছেন। এ ঘটনায় হাউসী বেগমের ভগ্নিপতি মো. দারোগালী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘিওর থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ১৪ বছর আগে কুন্দুরিয়া গ্রামের আক্কাস আলীর সঙ্গে সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামের হাউসী বেগমের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজন হাউসীর উপর নির্যাতন করে আসছিল। এ নিয়ে অনেক সালিশ বিচারও হয়েছে। সকালে আক্কাস মারধর করার পর হাউসী ও চুমকিকে জোর করে বিষ খাইয়ে হত্যা করে। মো. দারোগালী বলেন, বিষ খাইয়ে হাউসী ও তার মেয়েকে হত্যা করেছে আক্কাস আলী। ঘিওর থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় দারোগালী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নিহতের স্বামী আক্কাস আলী, শ্বশুর জুমাত আলী (৮০) ও শাশুড়ি কমলা বেগমকে (৬৫) আসামি করা হয়েছে। শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। কমলা ও আক্কাস পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ দু'টি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৪ ঘ.