টাঙ্গাইল, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় তিন মটরসাইকেল আরোহীসহ চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি বাস মির্জাপুর উপজেলার ধল্লা বাসস্ট্যান্ডে তাদের চাপা দেয় বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
নিহতরা হলেন- মটরসাইকেল আরোহী উপজেলার বুলটিয়া গ্রামের নাহিদ (২০), বাপ্পী (২৪) ও শফিক (২৫) এবং পথচারী দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের নিরঞ্জন।
মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, ধল্লা বাসস্ট্যান্ডে একটি মটরসাইকেল ও দুই পথচারীকে চাপা দেয়। এতে নাহিদ ও নিরঞ্জন ঘটনাস্থলেই মারা যান।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে মারা যান মটরসাইকেল আরোহী দোখলাহাটি গ্রামের বাপ্পী ও শফিক।
ওসি জানান, বাসের ধাক্কায় আহত পথচারী কাওসারকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি দেলদুয়ারের এলাচিপুর গ্রামে। নিরঞ্জন ও কাওসার সিএনজি চালিত অটোরিকশা থেকে নামার পরপরই বাসটি তাদের ধাক্কা দেয়।
জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাহফুজুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে কথা বলার পর বিক্ষুব্ধ লোকজন পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেয়।
চালক শহীদুল ইসলামসহ বাসটি আটক করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭২০ ঘ.
bdnews24