নাটোর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে একটি বাগানের ৫৪টি লিচুগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বাগানের মালিক অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্মীরা গাছগুলো কেটে নিয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাকশোরঘাটে বজলুর রহমানের দুই বিঘা জমিতে করা লিচু বাগানের গাছগুলো কেটে নিয়ে যায় বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
এলাকাবাসী জানায়, বজলু স্থানীয় বিএনপির নেতা।
বজলু অভিযোগ করেন, বুধবার রাজশাহীতে খালেদা জিয়ার সমাবেশে যোগ দেওয়ায় প্রতিপক্ষ আওয়ামী লীগ কর্মীরা পরদিন তাকে হুমকি দিয়েছিল। তারাই এ কাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ এই অভিযোগ অস্বীকার করে বলেন, এর সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৬২৯ ঘ.
bdnews24