২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

মহাখালীর নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা না খুন সেব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 03:57 PM

Updated : 24 Aug 2022, 09:11 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালীর নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা না খুন সেব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। গুলশান থানার উপ পরিদর্শক মো. ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটায় জিপি-ছ, ২০ মহাখালীর একটি ছয়তলা বাড়ির কক্ষ থেকে সুমাইয়া ইসলাম জুই (১৮) এর লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জুই ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে 'ও' লেভেলের ছাত্রী ছিল। জুই এর চাচা মোজাম্মেল হোসেন জানান, জুইয়ের বাবা জাহিদুল ইসলাম ২০০৫ সালের ডিসেম্বরে মারা যান। এর পর তার মা রেহেনা বেগম তার ব্যক্তিগত আইনজীবী জাহাঙ্গীর আলমকে বিয়ে করেন। এরপর থেকেই জুইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে তার মা ও সৎ বাবার সমস্যা চলছিল। তিনি অভিযোগ করেন, চাচাতো ভাই রিপনের সঙ্গে জুইয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন রেহেনা বেগম। কিন্তু এ বিয়েতে জুইয়ের সম্মতি ছিল না। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা ও বিয়েতে রাজি না হওয়ায় জুইকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে গুলশান থানায় রাত ৮টায় পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান উপপরিদর্শক ফখরুল। জুই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গুলশান থানার উপপরিদর্শক মো. গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জুই এর লাশ বিছানায় পড়ে আছে। পরিবারের সদস্যরা তাকে জানান, মিস্ত্রি ডেকে এনে জুইয়ের রুমের দরজা ভাঙ্গা হয়। ফ্যানের সঙ্গে জুঁইয়ের ঝুলন্ত লাশ নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২১৪৮ ঘ.