ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইল সিম, ভুয়া ছবি ও জাতীয় পরিচয়পত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে গুলিস্তানের সুন্দরবন মার্কেটের দুটি দোকান থেকে দু হাজার তিনশ ১০টি অনিবন্ধিত সিম কার্ড, বিভিন্ন ব্যক্তির ১২ হাজার ছবি ও ১০ হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার র্যাব-৩।
দুই দোকান থেকে যাদের গ্রেপ্তার করা হয় তারা হলেন, নুর মোঃ খান (৫৩), নজরুল ইসলাম মৃধা (২৮) ও মাহমুদুল হাসান মৃধা (২৭)।
র্যাব-৩-এর সহকারী পরিচালক মো. রাজিব আল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা ভুয়া নাম-পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল সিম রেজিস্ট্রেশন করে রাখতেন। পরে অন্য গ্রাহকের কাছে সেগুলো বিক্রি করে দিতেন।"
মোবাইল-সন্ত্রাস দমনে তদন্তের সূত্র ধরে এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।
রাজিব বলেন, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অপরাধের তদন্ত করতে গিয়ে পাওয়া মোবাইল ফোন নম্বরের ব্যবহারকারীর সঙ্গে নিবন্ধনিত নাম-পরিচয়ের মিল পাওয়া যেত না বলে জানান রাজিব। তিনি বলেন, "এতে মোবাইল-সন্ত্রাস দমন অনেকটা কঠিন হয়ে পড়ে। এরই সূত্র ধরে তদন্ত করতে গিয়ে এই অপরাধীদের গ্রেপ্তার করা হয়।"
রাজিব জানান, পরিচয়পত্রের ফটোকপিগুলো প্রতিটি ৪০ পয়সা করে কেরানীগঞ্জের কামাল নামের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছে বলে জানিয়েছে। এছাড়া তারা বিভিন্ন স্টুডিও থেকেও ছবি সংগ্রহ করে বলে জানান তিনি।
ওই র্যাব কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেবি/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24