২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছলিমপুর-ইসলামপুরে আরো ৩৩ জন গ্রেপ্তার

ছলিমপুর-ইসলামপুরে অবৈধ বসবাসকারীদের মধ্যে হামলা, ভাংচুর ও আগুন লাগানোর ঘটনায় আরো ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 11:44 AM

Updated : 24 Aug 2022, 09:10 PM

চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছলিমপুর-ইসলামপুরে অবৈধ বসবাসকারীদের মধ্যে হামলা, ভাংচুর ও আগুন লাগানোর ঘটনায় আরো ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর থেকে ৩২ জন এবং নগরীরর বায়েজীদ থানার ইসলামপুর থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়। নগরীর বায়েজীদ বোস্তামী থানার ইসলামপুর ও সীতাকুণ্ডের ছলিমপুরে সরকারি খাসজমিতে অবৈধভাবে বসবাসকারী দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও জমি দখল নিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। মঙ্গলবারের পাঁচজনসহ এখন গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩৮। সীতাকুণ্ড থানার ওসি মুনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আমেনা বেগমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ জঙ্গল ছলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বায়েজিদ থানায় পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার মামলা দুটি করে পুলিশ। মঙ্গলবার রাতে ইসলামপুর থেকে এক নারীকে গ্রেপ্তারের কথা জানান বায়েজিদ থানার ওসি এম এ সবুর। সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ও বায়েজীদের ইসলামপুরের প্রায় দুই হাজার একর জমির অধিকাংশই পাহাড় ও সরকারি খাস জমি। এসব এলাকা স্থানীয় 'ভূমিদস্যু' আক্কাস ও শাহজাহান বাদশা দীর্ঘদিন ধরে ছিন্নমূলের নাম দিয়ে অবৈধভাবে দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। ছিন্নমূল লোকজনের পুর্নবাসনের নামে জায়গা বেচাকেনা ও নানা ধরনের অনৈতিক কাজে তারা যুক্ত বলেও অভিযোগ রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলার মধ্যে এর অবস্থান হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কোন নিয়ম সেখানে মানা হয় না। দিনে ও রাতে সেখানে বসবাসকারী দুই সমিতির সদস্য ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৭৩৮ ঘ.