রাজশাহী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সমাবেশে যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শহরের মাদ্রাসা ময়দানে বিকালে ওই জনসভা হবে। তবে দুপুর থেকে রাজশাহীতে টিপটিপ বৃষ্টি হচ্ছে।
সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে বিকাল পৌনে ৪টার দিকে রাজশাহী পৌঁছায় খালেদার গাড়িবহর। পথে সিরাজগঞ্জে যমুনা রিসোর্টে ২০ মিনিটের যাত্রা বিরতি দেন তিনি।
খালেদা উঠেছেন সরকারি ডাক বাংলোয়। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ স্থানীয় নেতারা।
গয়েশ্বর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশে বিরোধীদলীয় নেতা সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, পানি-বিদ্যুৎ-গ্যাস সঙ্কট, ভারতের সঙ্গে চুক্তি এবং ভোলার উপনির্বাচন নিয়ে বক্তব্য দেবেন।
খালেদার সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজশাহী পুলিশ।
মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সহকারী কমিশনার তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। মঞ্চে, সমাবেশস্থল এবং এর বাইরের এলাকায়ও নিরাপত্তাকর্মীরা কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬১০ ঘ.
bdnews24