মাগুরা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়ের বিরুদ্ধে মামলা করেছে জেলা আইনজীবী সমিতি।
বুধবার সকালে সমিতির সভাপতি শফিকুল ইসলাম মোহন মামলাটি দায়ের করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ বাবলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের ডিসি অফিস সংলগ্ন আইনজীবী সমিতি ভবনের পাশে পৌরসভা কর্তৃক অবৈধভাবে দোকান ঘর নির্মাণের বিরুদ্ধে গত রোববার রফিকুল ইসলাম মোহন বাদি হয়ে ভারপ্রাপ্ত মেয়র তপনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই মামলায় বিচারক রাজিয়া সুলতানা নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেন।
কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে অভিযোগ করে ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৪০ ঘ.
bdnews24