২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমান-ওবায়েদের বেঞ্চেই যেতে হবে খালেদাকে

বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চেই হবে বাড়ি ছাড়ার নোটিশের বৈধতার প্রশ্নে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 05:56 AM

Updated : 24 Aug 2022, 09:11 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চেই হবে বাড়ি ছাড়ার নোটিশের বৈধতার প্রশ্নে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি। বুধবার হাইকোর্টের বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ খালেদার আপত্তি খারিজ করে দেয়। এর আগেও গত ১৩ এপ্রিল বিরোধী দলীয় নেত্রী বেঞ্চটিতে তার সেনানিবাসের বাড়ি ছাড়তে সরকারের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানিতে আপত্তি জানিয়েছিল। তখনও সেটি নাকচ হয়েছিল। মঙ্গলবার ওই আদালতে সুবিচার পাবেন না আশঙ্কা প্রকাশ করে খালেদা আবেদনটি এ বেঞ্চের তালিকা থেকে বাদ দিয়ে তা প্রধান বিচারপতির কাছে পাঠাতে আবেদন জানানো হয়। খালেদার পক্ষে আবেদনটি করেন তার কৌঁসুলি মাহবুবউদ্দিন খোকন। বুধবার আদেশের পর খালেদার কৌঁসুলি ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১২৩০ ঘ.