জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন, পরিবহন ও সেমিনার ফি বাড়ানোর প্রতিবাদে বুধবার বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ক্লাস ও পরীক্ষা বর্জন করে সকাল ৯টার দিকে ক্যাম্পাসে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার দিকে তারা কর্মসূচি প্রত্যাহার করে।
শিক্ষার্থীরা জানায়, প্রশাসন গত ২ মে বেতন, পরিবহন ও সেমিনার ফি সব মিলে সাড়ে চারশ' টাকা বাড়িয়েছে। এর প্রতিবাদে এবং আগের বেতন ও ফি বহাল রাখার দাবিতে বিক্ষোভ করা হয়েছে।
বিক্ষোভকারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭/৪ ধারায় সংশোধনী আনারও দাবি জানায়। এ ধারায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ব্যয় মেটানোর কথা আছে।
উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহ উদ্দিন আহমেদ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা লিখিত আবেদন জানালে আগের বেতন ও ফি বহাল রাখার বিষয় বিবেচনা করা হবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২০৬ ঘ.
bdnews24