ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৫-২৬ মে ঢাকায় অনুষ্ঠেয় খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন 'বাংলাদেশ খাদ্য নিরাপত্তা বিনিয়োগ ফোরাম'কে সামনে রেখে ছয়টি সুনির্দিষ্ট বিষয়ে প্রস্তাবনা চূড়ান্ত করেছে খাদ্য মন্ত্রণালয়।
এ ছয়টি বিষয় হচ্ছে- কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন; কৃষি বিপণন, মূল্য স্থিতি এবং বিশ্ব ও আঞ্চলিক বাণিজ্য; মৎস্য ও প্রাণিসম্পদ খাত; আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ও সরকারি খাদ্য বিতরণ; খাদ্য ব্যবহার ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তার কর্মকৌশল।
মঙ্গলবার খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয় চূড়ান্ত করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মোখলেছুর রহমান এবং খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্রসহ সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী জানান, বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনার ভিত্তিতে ছয়টি বিষয়ের ওপর প্রস্তাবনা ও কার্যপত্র চূড়ান্ত করা হয়েছে। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয় উপস্থাপন করা হবে।
তিনি জানান, এই সম্মেলন থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ আগামী জুলাই মাসে কানাডায় অনুষ্ঠেয় জি-৮ সম্মেলন এবং পরবর্তীতে ম্যানিলা সম্মেলনের মাধ্যমে পাওয়া সহায়তাকে কাজে লাগাবে। এজন্য বাংলাদেশ সার্বিক প্রস্তুতিও চূড়ান্ত করেছে।
জুলাইতে কানাডায় জি-৮ সম্মেলন এবং পরে ম্যানিলায় এডিবি-ইফাদ-এফএও বিনিয়োগ ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই খাদ্য নিরাপত্তার জন্য জি-৮'র প্রতিশ্র"ত ২০ বিলিয়ন ডলার অর্থ ব্যয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জি-৮'র অন্যতম অংশীদার যুক্তরাষ্ট্র খাদ্য নিরাপত্তায় মডেল হিসেবে বেছে নেওয়া ১০টি দেশের মধ্যে বাংলাদেশকেও রেখেছে। প্রতিশ্র"ত ২০ বিলিয়ন ডলারের মধ্যে যুক্তরাষ্ট্র একাই দেবে এক বিলিয়ন ডলার। বাংলাদেশ এতে বড় অংকের অনুদান পাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
গত বছর ইতালিতে অনুষ্ঠিত উন্নত দেশগুলোর জি-৮ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য নিরাপত্তায় ২০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্র"তি দেওয়া হয়।
আবদুর রাজ্জাক জানান, 'বাংলাদেশ খাদ্য নিরাপত্তা বিনিয়োগ ফোরাম' সম্মেলনে বাংলাদেশ কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার জন্য কৃষি প্রযুক্তি ক্ষেত্রে আরো সহায়তা চাইবে। এছাড়া কৃষি উৎপাদনে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানো, কারিগরি সহায়তা এবং উৎপাদনের মানোন্নয়নের বিষয়েও সহায়তা চাওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৩৬ ঘ.
bdnews24