২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুর জামিন, সালাম পিন্টুর আবেদন খারিজ

নারায়নগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা বিস্ফোরণ মামলায় বিএনপির সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 02:02 PM

Updated : 26 Apr 2022, 01:02 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়নগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা বিস্ফোরণ মামলায় বিএনপির সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ পিন্টুর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। ২০০১ সালের ১৬ জুন নারায়নগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় পরদিন নারায়নগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় পিন্টুকে গত বছরের ৯ নভেম্বর গ্রেপ্তার দেখানো হয়। গত ৭ মার্চ তিনি হাইকোর্টে জামিন আবেদন দায়ের করেন। তার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিকে বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি হাবিবুল গনির হাইকোর্ট বেঞ্চ বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জামিন মঞ্জুর করেছে। গত বছরের ২৫ ফেব্র"য়ারির ওই বিদ্রোহের ঘটনায় ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় মামলা হয়। এ মামলায় নাসিরউদ্দিন পিন্টুর পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৪৮ঘ.