২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদার্থ বিজ্ঞানী ইন্নাস আলী আর নেই

প্রবীণ পদার্থ বিজ্ঞানী ইন্নাস আলী আর নেই। সোমবার ভোরে মেজ মেয়ে হোসনে আরা আলীর শ্যামলীর বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৯৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 12:37 PM

Updated : 24 Aug 2022, 09:07 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ পদার্থ বিজ্ঞানী ইন্নাস আলী আর নেই। সোমবার ভোরে মেজ মেয়ে হোসনে আরা আলীর শ্যামলীর বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৯৫ বছর। সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ পরমানু শক্তি কমিশন কার্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পদার্থ বিজ্ঞান বিভাগে নেওয়া হলে শিক্ষক-কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, সাবেক উপ-উপাচার্য আ ন হ ইউসুফ হায়দার, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য হারুন অর রশীদ এবং অন্যান্য শিক্ষক ও ছাত্ররা নামাজে জানাজায় শরিক হন। তার নাতি আসিফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দাদা ভোর সাড়ে ৫ টার দিকে মারা গেছেন। বিকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।'' ইন্নাস আলী পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা শুরু করেন। পাকিস্তান পরমানু শক্তি কমিশন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল জিয়াউর রহমানের উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। ১৯৯৪ সালে তাকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করা হয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের প্রধান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অ্যাকাডেমি অব সায়েন্স-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে মোহাম্মদ আলী ও বড় মেয়ে জাহানারা আলী মারা গেছেন। ছোট ছেলে ফিরোজ আলী যুক্তরাষ্ট্রের ম্যানচেষ্টার ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। ছোট মেয়ে নার্গিস আলী লন্ডনে থাকেন। মেজ মেয়ে হোসনে আরা আলী বাবার মুত্যুর সময় শয্যাপাশে ছিলেন। ইন্নাস আলীর মৃত্যুতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শোক বানী দিয়েছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/কেএমএস/১৮৩৫ ঘ.