২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ২ জেলায় নিহত ৩

সাভারের আশুলিয়ায় রোববার দুপুরে লেগুনা ও কার্গো ভ্যানের সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে। একইদিন সকালে নেত্রকোনায় বাস খাদে পড়ে মারা গেছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:43 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় রোববার দুপুরে লেগুনা ও কার্গো ভ্যানের সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে। একইদিন সকালে নেত্রকোনায় বাস খাদে পড়ে মারা গেছে একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় নিহত দু'জনের মধ্যে একজনের নাম ইউনুস (২২)। অপরজনের নাম জানা যায়নি। এ ঘটনায় আহত ছয়জনকে নরসিংহপুরের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী লেগুনা (শ্যালো ইঞ্জিনচালিত যান) ঢাকা যাওয়ার পথে টংগাবাড়ী পৌঁছলে বিপরীতমুখী একটি কার্গোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু'জন মারা যান। পুলিশ লেগুনা ও কার্গোভ্যানটি আটক করলেও চালক দু'জন পালিয়ে গেছে। নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে সদর উপজেলার বাংলা এলাকায় নিহত হন মৃদুল সরকার (৩৫)। তার বাড়ি উপজেলার কাশিপুর গ্রামে। আহত গোলাম নবী, জিয়াউল হক, আব্দুল মোতালিব, শেখ রুহুল আমিনসহ অন্তত ১৫ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি কাওসার আহমেদ জানান, নেত্রকোনা থেকে মোহনগঞ্জগামী একটি যাত্রীবাহী একটি বাস সকাল ১০টার দিকে বাংলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.