২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইত্তেফাক মঞ্জুর, ভবন মইনুলের

দীর্ঘদিনের বিরোধের পর বাংলা দৈনিক পত্রিকা ইত্তেফাকের পুরো মালিকানা পেয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু ও তার বোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:38 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘদিনের বিরোধের পর বাংলা দৈনিক পত্রিকা ইত্তেফাকের পুরো মালিকানা পেয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু ও তার বোন। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মঞ্জুসহ তার বোনদের সঙ্গে বড়ভাই মইনুল হোসেনের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়। বিকাল সাড়ে ৫টা থেকে শেরাটন হোটেলে এই চুক্তি সই অনুষ্ঠান হয়। চুক্তি সইয়ের পর মঞ্জুর আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক সাংবাদিকদের বলেন, ''এই চুক্তির পর ইত্তেফাকের মালিকানায় থাকবেন মঞ্জু, তার বোন ও ভাগ্নেরা। মইনুল সাহেব পেয়েছেন ভবনটির মালিকানা, ১০ কোটি টাকা ও কিছু অস্থাবর সম্পত্তি।'' তিনি আরো জানান, রোববার চুক্তি কার্যকর হবে। ছয় মাসের মধ্যে পুরোপুরি বাস্তবায়িত হবে। মইনুলের আইনজীবী মাহমুদুল ইসলাম বলেন, "এটি একটি সেটেলমেন্ট (বন্দোবস্ত)। পরিবারিবারিক সমঝোতায় এটি হয়েছে।" চুক্তি সই অনষ্ঠানে দুই ভাই, তাদের স্ত্রী, বোন সুলতানা হোসেন ও সন্তানরা উপস্থিত ছিলেন। রাতে মইনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারিবারিকভাবে আলোচনার ভিত্তিতে আমরা একটি সমঝোতা করেছি।" মঞ্জু বলেন, "বড় ভাইয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে এসেছি। এর ফলে বোন-ভাগ্নেসহ আমরা এখন ইত্তেফাকের মালিক।" ১৯৪৯ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে ইত্তেফাকের যাত্রা শুরু হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে। এর প্রতিষ্ঠাতা প্রকাশক ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইয়ার মোহাম্মদ খান। ১৯৫৩ সালে দৈনিক ইত্তেফাক প্রকাশিত হয়। কলকাতায় ইত্তেহাদ পত্রিকায় কর্মরত তোফাজ্জল হোসেন মানিক মিয়া এ সময় সম্পাদক হন। ওই বছরই মানিক মিয়া সাপ্তাহিকের প্রকাশনা বন্ধ করে দেন। পরের বছর পাকিস্তানের সাধারণ নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয়ে পত্রিকা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। পত্রিকাটি সামরিক শাসক আইয়ুব খান ও ইয়াহিয়া খানের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে তৎকালীন পূর্ববাংলায় রাজনৈতিক প্রভাব তৈরি করে। আইয়ুব খান ১৯৬৬ থেকে ৬৯ পর্যন্ত দুই দফা পত্রিকার প্রকাশের ওপর বিধিনিষেধ আরোপ করে। মানিক মিয়া কয়েক বার কারাভোগও করেন। ১৯৬৯ সালে মানিক মিয়ার মৃত্যুর পর তার দুই ছেলে আনোয়ার হোসেন মঞ্জু ও মইনুল হোসেন পত্রিকা পরিচালনার দায়িত্ব নেন। পত্রিকা পরিচালনা ও মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলেছে দীর্ঘদিন। ইত্তেফাক ভবনে একাধিক খুনের ঘটনাও ঘটে। সর্বশেষ ২০০৫ সালে নিহত হন এক প্রেস কর্মচারী। অভিযোগ রয়েছে, মালিকানা দ্বন্দ্বের জের ধরেই এসব অঘটন ঘটেছিল। ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করলে বড়ভাই মইনুল আইন উপদেষ্টা হন। এসময় সাবেক মন্ত্রী মঞ্জুর বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রেক্ষাপটে তিনি দেশত্যাগ করেন। একাধিক মামলায় তার সাজাও হয়। মঞ্জু বিদেশে থাকার সময় ২০০৭ সালের ১৭ অক্টোবর মইনুলের স্ত্রী সাজু হোসেনকে সাময়িকভাবে প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণের অনুমতি দেয় জেলা প্রশাসক। এসময় ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান সম্পাদকের দায়িত্ব নেন। ইত্তেফাকের অনেক সাংবাদিক-সংবাদকর্মীকে সে সময় অব্যাহতি দেওয়া হয়। নতুন করে বেশকিছু নিয়োগও দেওয়া হয়। মঞ্জু দেশে ফিরে চাকরিচ্যুতদের বড় একটা অংশকে চাকুরি ফিরিয়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জিএনএ/১৯২৬ ঘ.