চাঁদপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর ও নড়াইলে আগুন লেগে ১১টি দোকান ও চারটি বসত ঘর পুড়ে গেছে।
শনিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর জেলার কালীপুর বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১১টি দোকান পুড়ে যায়।
রোববার সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের একটি বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে চারটি বসতঘর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, রাত ২টায় কালীপুর বাজারের একটি দোকানে আগুন লাগে। আগুন আশপাশে ছড়িয়ে পড়লে কাপড়, পোশাক তৈরির, লেপ-তোষক, চাল, টিন, মুদি দোকানসহ ১১টি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে বাজারের লোকজন।
ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক সোহেল চৌধুরী সাংবাদিকদের বলেন, তার সব কয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কালীপুর বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান অভিযোগ করে বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে জানাই। সেখান থেকে বলা হয় ৪৫ মিনিট লাগবে। বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ চৌধুরী বলেন, লোকজন আগুন নিভিয়ে ফেলায় তারা মতলব ফেরিঘাট থেকে ফিরে আসে দমকলকর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ তাদের জানা নেই।
নড়াইল প্রতিনিধি জানান, রোববার সকাল ১০টার দিকে চরদিঘলিয়া গ্রামের বিকাশ কুমার ঘোষের বাড়িতে আগুন লাগে।
দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে বিকাশ কুমার ঘোষের দুটি, অমল কুমার ঘোষের একটি ও প্রাণ কুমার ঘোষের একটি ঘর পুড়ে গেছে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৬৫১ ঘ.
bdnews24