কেরানীগঞ্জ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে।
শনিবার রাতে কৈবর্ত্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় জনতা দুই যুবককে আটক করে মারধর করে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।
নিহতের নাম- শুকুর আলী (২৫)।
এসআই জানান, শুকুর এলাকায় চিহ্নিত ছিনতাইকারী। তিনি পাঁচ-ছয় বছর আগে তার মাকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের দিয়ানগর এলাকায় ভাড়া থাকতেন। এখন রাজধানীর কোনো এক এলাকায় থাকেন।
কয়েকদিন আগেও এ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ধারণা করছে শুকুর ও তার সহযোগীরাই এ ঘটনা ঘটিয়েছে।
তিনি জানান, আহত অপর যুবক মোমিনকে (২০) প্রাথমিক চিকিৎসার পরে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/০১১৮ ঘ.
bdnews24