বগুড়া, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ধারালো অস্ত্রের মহড়ায় অংশ নেওয়া দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রলীগের আযিযুল হক কলেজ কমিটির সদস্য রোমান সরকার (২০) এবং জাসদ ছাত্রলীগের সরকারি কমার্শিয়াল কলেজের সভাপতি আবুল হোসেন দুলাল (১৮)।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, পত্রিকায় প্রকাশিত ছবি দেখে চারজনকে সনাক্ত করা হয়েছে যারা অস্ত্রসহ মহড়া দিয়েছিলো। গ্রেপ্তারকৃত দুজন তাদের মধ্যে রয়েছে।
শনিবার ভোররাতে দুঁপচাচিয়া উপজেলার পাকুরগাছা গ্রাম থেকে রোমানকে এবং বগুড়া শহরের জহুরুল নগর এলাকা থেকে দুলালকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
গত ২৫ এপ্রিল আযিযুল হক কলেজে ডিগ্রি পরীক্ষার ফরম পূরণ করতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। ছাত্রলীগকর্মীদের সশস্ত্র মহড়ার ছবি পরদিন সংবাদ পত্রে প্রকাশ হয়।
পুলিশ কর্মকর্তা লুৎফর বলেন, সনাক্ত অন্য দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24