ফেনী, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্টায়ত্ত গাড়ি প্রস্ততকারী প্রতিষ্ঠান প্রগতির তিন কর্মকর্তা ও চার চালককে পিটিয়েছে কিস্তি খেলাপী এক গাড়ি মালিকের লোকজন।
বৃহস্পতিবার রাত ১১টায় ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রগতির কর্মকর্তারা জানান, নিয়মিত কিস্তি না দেওয়ায় প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আবুল হোসেনের নেতৃত্বে একটি দল লালপুল এলাকায় আমিনুল হকের এশার ব্র্যান্ডের একটি পিকআপ আটক করে।
প্রগতির একজন চালক সীতাকুণ্ডে প্রতিষ্ঠানের কারখানায় নেওয়ার পথে প্রায় দেড় কিলোমিটার দূরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারুইরহাট এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত গাড়িটি আটকায়।
তারা চালকসহ গাড়িটি লালপুলে নিয়ে আসে। সেখানে আমিনুল হক ও তার ভাইদের দুটি হোটেলসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
আমিনুল হক গাড়ি চুরির কথা বললে ওই সব ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন লোহার রড ও লাঠিসোটা নিয়ে চালককে বেধড়ক পেটায়।
আক্রান্ত হওয়ার পর চালক প্রগতির ওই দলটিকে ফোনে খবর দেয়। তারা ঘটনাস্থলে এলে ৫০-৬০ জন লোক তাদের ওপর হামলা চালায়।
শুক্রবার প্রগতির ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্বৃত্তরা আমাদের কর্মকর্তা ও গাড়িচালকদের বেধড়ক মারধর করে। এক পর্যায়ে একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দিয়ে আরেকজনের শরীরের বিভিন্ন স্থানের চামড়া তুলে ফেলে তারা।"
হামলার শিকার প্রগতির কর্মকর্তা আবুল খায়ের চৌধুরী বলেন, "আমাদের এমনভাবে পিটিয়েছে যে এক পর্যায়ে মনে হয়েছে তারা আমাদের মেরে ফেলবে।
"দুর্বৃত্তরা আমাদের টাকা, প্রতিষ্ঠানের নথিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে," বলেন তিনি।
প্রগতি কর্মকর্তা জহির জানান, এ ঘটনার সময় কাছের একটি ফিলিং স্টেশনে পাশের থানার টহল পুলিশের একটি গাড়ি ছিল। তারা হামলাকারীদের নিরস্ত করার চেষ্টা করে ব্যর্থ হয় এবং ফেনী সদর মডেল থানায় খবর দেয়।
তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে ফেনীর সদর থানা পুলিশ এসে আহত কর্মকর্তা ও গাড়িচালকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শুক্রবার সকালে ফেনী থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল নিয়ে আসা হয়।
জহির জানান, শনিবার এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, "কিস্তি পরিশোধ না করা পর্যন্ত গাড়ির মালিকানা প্রগতির। কোনো গ্রাহক নিয়মিত কিস্তি দিতে ব্যর্থ হলে গাড়ি জব্দ করার অধিকার প্রতিষ্ঠানের রয়েছে।"
জহির আরো জানান, আমিনুল ২০০২ সালে কিস্তিতে গাড়িটি কিনেন। ২০০৬ সালে তার কিস্তি শেষ হওয়ার কথা। কিন্তু তিনি তা পরিশোধ করেননি। তার কাছে প্রগতি দুই লাখ ৭২ হাজার টাকা পাবে।
এ ব্যাপারে আমিনুলের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেনী প্রতিনিধি।
তবে আমিনুল পুলিশকে বলেছেন, গাড়ি নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী সন্দেহে স্থানীয় লোকজন তাদের মারধর করেছে।
ফেনী মডেল উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রগতির কর্মকর্তারা গাড়িটি নিয়ে যাওয়ার সময় হোটেলের কর্মচারীরা ছিনতাইকারী বলে চিৎকার করে এবং কিছু দুর্বৃত্ত তাদের পিটিয়ে মারাত্মক জখম করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০১৪৫ ঘ.
bdnews24