২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা ছাড়া অন্য মাছ ধরা যাবে শনিবার থেকে

দু'মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেঘনায় আবার মাছ ধরা শুরু হচ্ছে। জাটকা ছাড়া সব মাছ ধরা যাবে বলে মৎস্য বিভাগ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 06:10 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

চাঁদপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- দু'মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেঘনায় আবার মাছ ধরা শুরু হচ্ছে। জাটকা ছাড়া সব মাছ ধরা যাবে বলে মৎস্য বিভাগ জানিয়েছে। নদীতে আবার মাছ ধরতে তারা জেলেরা ইতোমধ্যে জাল ও নৌকা প্রস্তুত করেছে। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য মন্ত্রণালয়। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কাজী ইকবাল হোসেন জানান, জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা শুক্রবার (৩০ এপ্রিল) শেষ হচ্ছে। তবে জাটকা রক্ষা কর্মসূচি আরো একমাস চলবে। জাটকা রক্ষা কর্মসূচির মেয়াদ হলো- নভেম্বর থেকে মে পর্যন্ত। শনিবার থেকে জাটকা ছাড়া সব ধরনের মাছ জেলেরা ধরতে পারবে বলে কাজী ইকবাল জানান। তিনি বলেন, ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দু' মাস মেঘনার একশ' কিলোমিটার নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। মাছ ধরা বন্ধ থাকায় এবার চাঁদপুর জেলার ২৩ হাজার ৩৩৫ জন জেলেকে ফেব্র"য়ারি থেকে জনপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়া শুরু হয়। চলবে পুরো মে মাস পর্যন্ত। গত বছর চাঁদপুরে এ সংখ্যা ছিল ২২ হাজার ৯শ'। ওই সময় পরিবার প্রতি ১০ কেজি করে চার মাস চাল দেওয়া হয়। এদিকে সিএনআরএস নামের একটি বেসরকারি সংস্থা ৭১৩ জন জেলের বিকল্প কর্মসংস্থানে কাজ করছে। সেন্টার ফর নেচারাল রিসোর্স স্টাডি'র (সিএনআরএস) চাঁদপুরের মাঠ সমন্বয়কারী খান মো. মুজাহিদ ইবনে হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তরা ৭১৩ জন জেলেকে উপকরণ সহায়তা দিয়েছেন। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে দেওয়া এই সহায়তার মধ্যে রয়েছে- জেলেদের গরু মোটাতাজাকরণ, ছাগল, সেলাই মেশিন, ভ্যানগাড়ি প্রভৃতি। এছাড়া জেলেদের প্রতিজনকে দুই থেকে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। এসব ঋণ সরাসরি না দিয়ে ওই টাকা বিকল্প কর্ম সংস্থানে সহায়তা দেওয়া হবে। চাঁদপুর কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক বলেন, দু'মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের কষ্টে দিনাতিপাত করতে হয়েছে। হাইমচর উপজেলার চরভৈরবী, নীলকমল ও আলগী ইউনিয়নের হাবু ছৈয়াল, রহিম জমাদারসহ বেশ ক'জন জেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় তাদের কষ্টে দিন কাটাতে হয়েছে। সরকারিভাবে চাল ও নগদ অর্থ দেওয়া হলেও তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০০০ ঘ.