পাবনা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরে ১৪৪ ধারা জারি থাকায় বাইরে সমাবেশ করতে গিয়েও পারেনি জামায়াতে ইসলামী। পুলিশ লাঠিপেটা করে তাদের সমাবেশ পণ্ড করে দিয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক সংগঠন ছাত্রলীগ ও জামায়াতে ইসলামী শুক্রবার সকালে একই স্থানে কর্মসূচি দেওয়ায় জেলা ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার রাত ৮টা পর্যন্ত শহরের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
ওদিকে সকালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পাবনা বাস টার্মিনালে সমাবেশ করেছে ছাত্রলীগ ও যুবলীগ। এ এলাকা ১৪৪ ধারার বাইরে ছিলো।
পুলিশ জানায়, শহরের দোয়েল সেন্টারে এবং দই বাজার মোড়ে জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা শুক্রবার সকালে এক কর্মীসভা আহবান করে। এই কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে যুবলীগ ও ছাত্রলীগ একই স্থানে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয়। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।
সকালে শহরে সভা করতে না পেরে পাবনা পৌর এলাকার বাইরে রাজাপুরের জহিরপুরে কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ মাওলানা আবদুস সুবহানের গ্রামের বাড়ির এলাকায় সমাবেশ করার চেষ্টা করে জামায়াত।
সদর থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, সেখানে জামায়াত নেতারা উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় সমাবেশ করতে দেওয়া হয়নি।
পরে আব্দুস সুবহানের গ্রামের বাড়িতে এক সংবাদ সম্মেলনে পুলিশের অভিযোগ প্রত্যাখ্যান করে জামায়াত নেতারা বলেন, পুলিশ বিনা উস্কানিতে লাঠিপেটা করে তাদের সমাবেশে পণ্ড করে দিয়েছে। এজন্য তারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দায়ি করেন।
এ সময় তারা অভিযোগ করেন, ১৪৪ ধারা অমান্য করে ছাত্রলীগ ও যুবলীগ শহরে মিছিল করেছে।
পুলিশের লাঠিপেটায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও বলে দাবি করেন তারা।
তারা জানান, আহতদের মধ্যে আব্দুল হামিদ (৫৫), ফিরোজ হোসেন (৪০), আমজাদ হোসেন (৪৫), আব্দুর রহমান (৩৫) ও মমতাজ আলীকে (৬০) পাবনা জেনারেল হাসপাতালে এবং অন্যদের মুসলিম এইড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক প্রফেসর আবু তালেব মণ্ডল বক্তব্য রাখেন।
পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি দল পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় শান্তির স্বার্থে বৃহস্পতিবার রাতে ১৪৪ ধারা জারি করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৭০৯ ঘ.
bdnews24