২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াল্টন কারখানায় আগুন, আহত ১২

গাজীপুরে ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ১২ কর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 04:25 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

গাজীপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ১২ কর্মী আহত হয়েছে। জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত কারখানাটিতে বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারতলা কারাখানা ভবনের দ্বিতীয় তলায় জেনারেটর কক্ষে আগুনের সূত্রপাত। মুহূর্তে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত সোয়া ১১টা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। দমকল কর্মকর্তা আগুন লাগার প্রকৃত কারণ জানাতে পারেননি। কারখানার সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিক খোকন (২৫), সোহেল (২৮), সানোয়ার হোসেন (৩০), সবুর হোসেন (৩৫), আবিদ হোসেনসহ (৩০) কমপক্ষে ১২ জন আহত হয়েছে। তাদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, আগুনে জেনারেটর, ফ্রিজ তৈরির যন্ত্রপাতি ও প্লাস্টিকের কাঁচামাল পুড়ে গেছে। এতে ১৫-২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাইফুল দাবি করেন। এর আগে ২৫ ফেব্র"য়ারি রাতে গাজীপুরে ভোগড়া এলাকার গরীব অ্যান্ড গরীব নামের একটি পোশাক কারখানায় আগুন লেগে ২১ শ্রমিক প্রাণ হারায়। ১৩ এপ্রিল ওই কারখানায় আবার আগুন লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৩৩ ঘ.