ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২ লাখ ৩০ হাজার টাকায় এবার হজে যাওয়া যাচ্ছে, যা সরকারি খরচের চেয়ে ২ হাজার টাকা বেশি।
হজ ও ওমরায় যাওয়ার খরচ, আবাসন, পরিবহন ব্যবস্থাসহ খুঁটিনাটি জানাতে আয়োজিত মেলায় গিয়ে এ তথ্য জানা যায়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের হজ ও ওমরাহ মেলা উদ্বোধনের পর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের বলেছেন, এবার হজযাত্রী পরিবহনে বিমানের ফ্লাইট সমস্যা হবে না।
বৃহস্পতিবারের এ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহজাহান মিয়াও ছিলেন।
আগামী হজকে সামনে রেখে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও ই-থ্রি সলিউশন লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এবার হজ হবে নভেম্বর মাসে।
মেলার বিভিন্ন স্টল ঘুরে জানা যায়, বেসরকারি ব্যবস্থাপনায় (নন-ব্যালটি) হজযাত্রীদের জন্য এবার সর্বনিু ২ লাখ ৩০ হাজার টাকার প্যাকেজ রয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) হজে যেতে এবার খরচ হচ্ছে ২ লাখ ২৮ হাজার টাকা।
নন ব্যালটি হজযাত্রীদের জন্য ২ লাখ ৩০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সাধারণ প্যাকেজ রয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সাড়ে ৩ লাখ থেকে ৫ লাখ টাকার প্যাকেজও রয়েছে কোনো কোনো প্রতিষ্ঠানের।
সাড়ে তিন লাখ টাকার প্যাকেজ ঘোষণা করেছে এমন এজেন্সি 'এমএ ইন্টারন্যাশনাল ট্যুরস'র কর্মীরা জানান, তাদের সর্বোচ্চ ব্যয়ের প্যাকেজে হাজিদের বিলাসবহুল আবাসনসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
হাবের উদ্যোগে এ ধরনের মেলার এটা তৃতীয় আয়োজন। সমিতির সভাপতি ইব্রাহিম বাহার সাংবাদিকদের জানান, এবারের মেলায় ৭৬টি এজেন্সি অংশ নিচ্ছে।
এবারই প্রথম ধর্ম মন্ত্রণালয়ের একটি স্টল রেখেছে মেলায়। রয়েছে হাবেরও একটি স্টল।
বাহার বলেন, হজে যেতে আগ্রহীদের জন্য এ মেলায় সব তথ্য সরবরাহের ব্যবস্থা রয়েছে। কোন এজেন্সির মাধ্যমে কত টাকায় হজে যাওয়া যাবে, এক্ষেত্রে তারা কী ধরনের সুবিধা পাবেন এবং কোথায় থাকার ব্যবস্থা হবে সব কিছুই জানা যাবে মেলায়।
এছাড়া যাওয়ার সময় থেকে পুরো হজ প্রক্রিয়ায় করণীয় সম্পর্কেও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
বেসামরিক বিমান চলাচলমন্ত্রী গোলাম কাদের বলেন, এবার হাজি পরিবহনে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি অন্য সংস্থাকেও সুযোগ দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। এবার ফ্লাইট সমস্যা হবে না।
হজযাত্রীদের যেন সমস্যা না হয় সে জন্য বেসরকারি এজেন্সিগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান সুষ্ঠুভাবে হজযাত্রী পাঠানোসহ সার্বিক ব্যবস্থাপনায় সরকারি ও বেসরকারি উভয় পক্ষকেই সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪২৫ ঘ.
bdnews24