২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারধর করে মাদ্রাসাছাত্রীকে লুকিয়ে রাখার অভিযোগ

মারধরের পর গাজীপুরের এক মাদ্রাসাছাত্রীকে কর্তৃপক্ষ লুকিয়ে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

গাজীপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারধরের পর গাজীপুরের এক মাদ্রাসাছাত্রীকে কর্তৃপক্ষ লুকিয়ে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর শহরের বরুদা মুসলিমাবাদ এলাকার আদর্শ বালিকা মাদ্রাসার 'মিজান' শ্রেণীর ছাত্রী মেহজাবিন বাঁধনকে (১২) ছয়দিন ধরে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে বাঁধনের বাবা আতাউর রহমান জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আতাউর রহমান ঢাকা ওয়াসায় কর্মরত। তিনি থাকেন রাজধানীর কাওলা এলাকায়। বুধবার আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁধন মাদ্রাসার ছাত্রী নিবাসে থাকতো। গত বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ ফয়েজ উল্যাহ ও তার স্ত্রী উম্মে কুলসুম বাঁধনকে মারধর করেন। এতে জখম হওয়ায় তাকে লুকিয়ে রাখা হয়। তিনি আরো জানান, মারধর করায় বাঁধন পালিয়েছে বলে অধ্যক্ষ রাত ৯টার দিকে মোবাইল ফোনে তাকে জানান। পরে তারা মাদ্রাসার ছাত্রী নিবাসে গিয়ে অন্যদের কাছে বাঁধনকে মারধরের করার ঘটনা জানতে পারেন। পরের দিনও বাঁধনকে না পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানায়। জয়দেবপুর থানা পুলিশ মাদ্রাসার অধ্যক্ষ ও তার স্ত্রীকে ডেকে এনে বিষয়টি জানতে চায়। তারা দুদিনের মধ্যে বাঁধনকে উদ্ধার করে দেওয়া হবে বলে পুলিশকে জানায়। আতাউর জানান, সোমবার রাতে একটি মোবাইল ফোনে তাকে জানানো হয়, অসুস্থ বাঁধন রাজধানীর একটি বাসায় আছে। সুস্থ হলে তাকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তার অবস্থান জানানো হয়নি। অধ্যক্ষ ফয়েজ উল্যাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগেও বাঁধন পালিয়ে গিয়েছিল। পরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা হয়। তিনি দাবি করেন, বাঁধনকে উদ্ধারে তার আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হচ্ছে। জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বলেন, মোবাইল ফোন কলের সূত্র ধরে বাঁধনকে উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.