পাবনা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রায় চার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।
গুমানি নদীর পানি বেড়ে বুধবার দুপুরে উপজেলার চলনবিল অঞ্চলের পুঁইবিল বাঁঁধটি ভেঙ্গে যায়।
এতে দিলপাশার, খানমরিচ, অষ্টমনিষা ও চরভাঙ্গুড়া এলাকার ইরি প্রকল্পের চার হাজার হেক্টর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকরা তলিয়ে যাওয়া ধান কেটে নিচ্ছে।
তারা অভিযোগ করেন, গত দুই দিন ধরে বাঁধটি হুমকির মুখে ছিলো। বিষয়টি প্রশাসনকে জানানো সত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনন্দ কুমার ও কৃষি কর্মকর্তা দেবেশ চক্রবর্তী সাংবাদিকদের জানান, বাঁধটি মেরামতের জন্য এগিয়ে আসতে প্রশাসনের পক্ষ থেকে মাইকে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা দাবি করেন, বাঁধ মেরামতে তার কাছে কোনো বরাদ্দ নাই।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
উপজেলা কৃষি বিভাগ জানায়, ২৪ ঘন্টার মধ্যে বাঁধ মেরামত করা না গেলে অন্তত চার হাজার আট'শ হেক্টর জমির ইরি ধান একেবারে তলিয়ে যাবে।
বেশিরভাগ জমির ধান এখনো পাকেনি। বাঁধ সংস্কার না করতে পারলে কৃষকরা ফসল ঘরে তুলতে পারবে না।
উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বাঁধ এলাকা পরিদর্শন করেছেন।
তিনি জানান, বিকাল ৫টা পর্যন্ত স্থানীয়রা বাঁধ মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয়।
এপ্রিলের শুরু থেকে উজান থেকে নামা ঢলে এ পর্যন্ত কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওর এলাকায় ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে কয়েক লাখ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ঘ.
bdnews24