নরসিংদী, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে নরসিংদীর ঘোড়াশালে বুধবার বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।
এ ঘটনায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিএনপির সহযোগী সংগঠন যুবদল নেতারা অভিযোগ করেছেন, সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা করেছে।
হামলাকারীরা যুবদল কার্যালয়ে ঢুকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ভাংচুর করেছে। হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছে বলে যুবদল নেতারা দাবি করেন।
যুবলীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
পলাশ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঘোড়াশাল পৌর এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
ঘোড়াশাল পৌর যুবদলের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক কালা জাহাঙ্গীরের নেতৃত্বে মিছিলটি ঘোড়াশাল বাজার প্রদক্ষিণের সময় শরীফ ইলেক্ট্রনিক্স নামের একটি দোকানে হামলা চালায়।
এ সময় আশপাশের ব্যবসায়ীরা মিছিলকারীদের ধাওয়া দেয়। তখন বিএনপির নেতাকর্মীরা রাস্তা পাশে দাঁড়ানো প্রাণ ফুডের দুটি কাভার্ড ভ্যান, দুটি মটরসাইকেল, একটি ট্রাক ও একটি হোটেলসহ ১০টি দোকান ভাংচুর করে।
ওসি জানান, ভাংচুরের ঘটনায় পুলিশ যুবদল নেতা কালা জাহাঙ্গীর (৩৬) ও শ্রমিক দল নেতা ফিরোজ হোসেন পিরুকে (৩২) গ্রেপ্তার করেছে। পলাশ থানায় মামলা হয়েছে।
ঘোড়াশাল পৌর যুবদল সভাপতি মহিউদ্দিন (৩৬) সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিদ্যুৎ, গ্যাস ও পানির দাবিতে বিএনপি মিছিল বের করলে পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা লাটিসোটা নিয়ে ধাওয়া করে।
তারা যুবদল কার্যালয়ে হামলা চালায়। তাদের হামলায় তিনিসহ অন্তত ১৩ জন আহত হন।
যুবদল নেতা জনি (২৪), সাদ্দাম (২২) ও মোশারফসহ (২৫) আহতদের নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকার বেসরকারি একটি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে মহিউদ্দিন দাবি করেন।
পলাশ উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলার অভিযোগ মিথ্যা। আমাদের কেউ ঘটনাস্থলে ছিল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৬ ঘ.
bdnews24