কামরান রেজা চৌধুরী
থিম্পু থেকে
থিম্পু, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি কমিটি গঠনের প্রস্তাব উঠছে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে। শীর্ষ নেতারা সম্মত হলে এ সংক্রান্ত একটি বিবৃতি আসবে।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে 'সার্ক পরিবেশ কমিটি' নামের একটি কমিটি কাজ করেছ। 'থিম্পু স্টেটমেন্ট অন ক্লাইমেট চেঞ্জ' শীর্ষক প্রস্তাব অনুযায়ী, প্রস্তাবিত কমিটি জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ বিষয়ক আলোচনায় সার্ককে আঞ্চলিক সংস্থা হিসেবে ভূমিকা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেবে।
বুধ ও বৃহস্পতিবার ষোড়শ সার্ক সম্মেলনে অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তারা ইতিমধ্যে থিম্পু পৌঁছেছেন।
সম্মেলনের শেষ দিন ২৯ এপ্রিল সার্ক ঘোষণার সঙ্গেই ওই কমিটি গঠনের বিবৃতি আসতে পারে বলে মিজারুল কায়েস সাংবাদিকদের জানান।
বলা হচ্ছে, নতুন কমিটির কার্যকর হলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত অভিযোজন তহবিল থেকে অর্থ পাওয়ার ক্ষেত্রে দরকষাকষিতে সার্কভুক্ত দেশগুলোর অবস্থান শক্ত হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সার্ক অঞ্চলে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি বিষয়ে একটি গবেষণা চালানোর জন্য সার্কের মহাসচিবকে ক্ষমতা দেওয়া হবে।
থিম্পুতে বাংলাদেশ দূতাবাসে মন্ত্রীপর্যায়ের এক বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক) সফিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে অর্থ পেতে হলে সার্ক দেশগুলোতে এক হয়ে কাজ করতে হবে। আর সে স্বীকৃতি আদায় করতেই এ বিবৃতি।"
পররাষ্ট্র সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলবায়ু বিষয়ে থিম্পু বিবৃতিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সার্ক অঞ্চলের তিনটি ভূমিরূপ- পার্বত্য এলাকা, মৌসুমী বৃষ্টিপ্রবণ এলাকা এবং সমুদ্র এলাকা রক্ষার বিষয়ে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24