কামরান রেজা চৌধুরী
থিম্পু থেকে
থিম্পু, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবেশ সহযোগিতা বিষয়ক প্রস্তাবিত সার্ক কনভেনশনের মাধ্যমে প্রথমবারের মতো পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণকে আঞ্চলিক সহযোগিতার দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হয়েছে।
ভুটানের রাজধানী থিম্পুতে বুধবার থেকে শুরু হতে যাওয়া দুদিনের সার্ক শীর্ষ সম্মেলনে কনভেশনটি স্বাক্ষরিত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, কনভেশনে 'ভূমিক্ষয় ও পলি' বিষয়টি অন্তর্ভুক্ত করায় আঞ্চলিকভাবে অভিন্ন নদী ব্যবস্থাপনার সুযোগ তৈরি হতে পারে।
পানির ন্যায্য হিস্যার জন্য অভিন্ন নদী ব্যবস্থাপনায় ভাটির বাংলাদেশ উজানের ভারত, চীন, নেপাল ও ভুটানের সঙ্গে আলোচনা করে আসছে।
ভারতের সঙ্গে সরকারি পর্যায়ের বিভিন্ন বৈঠকে বাংলাদেশ পলি ব্যবস্থাপনার বিষয়টি উত্থাপন করেছে। পলির কারণে নদীভাঙন ও ভাটিতে নদী শুকিয়ে যায়।
তবে বাংলাদেশের এ দাবির প্রতি উজানের দেশগুলোর মনোযোগ খুব কমই দেখা গেছে।
মঙ্গলবার থিম্পুর বাংলাদেশ মিশনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'সার্ক মন্ত্রিপরিষদে' আঞ্চলিক পানি ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের ধারণা অনুমোদন করেছে।
তিনি বলেন, "সম্মেলনে অনুমোদন পেলে কনভেনশনটি গ্রহণ করা হবে।"
পানি ব্যবস্থাপনার এই ধারণাটি গৃহীত হলে ভাটি ও উজান উভয় অঞ্চলের দেশই লাভবান হবে বলে পরাষ্ট্র সচিব মনে করেন।
সার্ক এর সাবেক মহাসচিব কিউ এ এম এ রহিম ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দক্ষিণ এশিয়ার দেশগুলোর এই ফোরামে আঞ্চলিকভাবে পানি ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে এর আগে আর কখনো আলোচনা হয়নি।"
তিনি বলেন, "আমি কনভেশনের বিস্তারিত জানি না। তবে এই কনভেশনের মাধ্যমে বাংলাদেশের মত ভাটি অঞ্চলের দেশ লাভবান হবে।"
"এটা একটা ইতিবাচক অগ্রগতি", বলেন রহিম।
বাংলাদেশের মধ্য দিয়ে ৫৭টি অভিন্ন নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, যার ৫৪টি ভারত এবং তিনটি মিয়ানমার থেকে এসেছে।
কৃষিভিত্তিক বাংলাদেশ ব্রহ্মপুত্র, গঙ্গা (পদ্মা) ও মেঘনা নদীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই তিনটি নদীই ভারত থেকে এসেছে। ১৯৭০ সালে ভারত পশ্চিমবঙ্গে ফারাক্কায় গঙ্গার ওপর বাঁধ নির্মাণ করে। এর বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।
উজানের অপর দেশ চীন ব্রহ্মপুত্রে বাঁধ দিয়ে পানির প্রবাহ ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আর এটা বাস্তবায়িত হলে ভাটির ভারত, ভুটান ও বাংলাদেশ পানি সমস্যায় পড়বে। বাংলাদেশের মোট পানির ৬০ শতাংশ পাওয়া যায় ব্রহ্মপুত্র থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএসবি/জিএনএ/২২৩০ ঘ.
bdnews24