ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর ও চাঁপাইনবাবগঞ্জে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার দুটি অজ্ঞাত যুবকের এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সোমবার সন্ধ্যায় আজাহার আলী (৬০) নামের একজনের লাশ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, উপজেলার শিমলাপাড়া এলাকায় গজারী বন থেকে দুপুর ১২টার দিকে গাছে ঝুলন্ত হাত-পা বাঁধা এক যুবকের (৩২) লাশ উদ্ধার করে পুলিশ।
একই সময় কিছু দূরে আরো একই অবস্থায় আরো এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো লাশের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার ভেরেন্ডি এলাকার খাড়ির পাশে এলাকাবাসী আজাহার আলীর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আজাহার আলীর বাড়ি জেলার দুলাহার সোনাডাঙ্গা গ্রামে।
নাচোল থানার ওসি গোলাম মাওলা মৃতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ৩টার দিকে আজাহার জমিতে সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, মঙ্গলবার সদর হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। তাকে খুন করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এলএন/ডিডি/২০০৫ ঘ.
bdnews24