২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড় ও বজ্রপাতে নিহত ৫

পাবনায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে পাঁচজন মারা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 11:46 AM

Updated : 24 Aug 2022, 08:54 PM

পাবনা, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে পাঁচজন মারা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। সোমবার দিবাগত রাতের এ ঝড়ে জেলার নয়টি উপজেলার ঘড়বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে ও তার ছিড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ঝড়ের সময় ঘরচাপা পড়ে মারা গেছেন- সদর উপজেলার নলদহ গ্রামের জরিনা খাতুন (৫০), একই গ্রামের সামিরুন্নেচ্ছা (৩২), কোষাখালী গ্রামের ইসরাইল হোসেন (৬২), পাবনা শহরের শালগাড়ীয়া এলাকার আফজাল হোসেন টিপু (৬০)। বজ্রপাতে মারা গেছেন- ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের মর্জিনা খাতুন (৫০)। আহতদের পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল। এসব এলাকার সহস্রাধিক ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিধ্বস্ত এবং আম, লিচুসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাবনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিজয় ভূষণ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, সুজানগর, সাঁথিয়া, বেড়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আতাইকুলা এলাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। তিনি জানান, ঝড়ে সদর উপজেলার ৬০টি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সব অঞ্চলে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে রয়েছে। ঈশ্বরদী উপজেলার ২০টি গ্রামের কয়েক হাজার লিচু গাছ ভেঙ্গে পড়েছে। এ ছাড়া বিপুল পরিমান কাঁচা আম ঝরে পড়েছে। সাঁথিয়া ও সুজানগর উপজেলার বিভিন্ন এলাকায় কাঁচা মরিচসহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে এবং তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাবনা শহর ছয় ঘণ্টা বিদ্যুতবিহীন ছিল। বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার পাবনায় কোন স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হয়নি। জেলা প্রশাসক বিজয় ভূষণ পাল আরোও বলেন, ক্ষয়ক্ষতি ব্যাপক। এর পরিমান নিরূপণে জেলা প্রশাসন কাজ করছে। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত উপদ্রুত এলাকায় কোনো ত্রাণ পৌঁছায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭৪২ ঘ.