রাঙামাটি, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন পার্বত্য জেলায় ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ এগিয়ে চলেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।
সোমবার সকালে রাঙামাটি সার্কিট হউজে কমিশনের অষ্টম বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
কমিশন চেয়ারম্যান বলেন, "কমিশনের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। তাই সমস্যা সমাধান না হওয়ার কোনো কারণ নেই।
"তবে সবার আগে জরিপ হতেই হবে। জরিপ ছাড়া পাহাড়ের ভূমি সমস্যার সমাধান হবে না।"
তিনি বলেন, ভূমি বিরোধ নিস্পত্তির জন্য কমিশনের পক্ষ থেকে যে দরখাস্ত আহবান করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে খাগড়াছড়িতে ১৩৫টি এবং রাঙামাটিতে সাতটি ভূমিবিরোধ সংক্রান্ত দরখাস্ত জমা পড়েছে।
খাদেমুল ইসলাম আরো জানান, আগের ভূমি কমিশনের কিছুই ছিল না। এ কমিশন দায়িত্ব নেওয়ার পর খাগড়াছড়িতে প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। কাজ করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও চাকমা সার্কেল প্রধান দেবাশীষ রায় বৈঠকে উপন্থিত না থাকার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে তাদের উপস্থিত থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা হেডম্যান সমিতির সভাপতি চিংকিউ রোয়াজা, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলাম, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ও ভূমি কমিশনের সদস্য সচিব আবদুল হামিদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০২৫ ঘ.
bdnews24