ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারশ ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাঁচটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করেছে সরকার। ২০১১ সালের আগস্ট মাসে এ বিদ্যুৎ পাওয়া যাবে।
বিদ্যুৎ ভবনে সোমবার এ পাঁচ 'পিকিং' বিদ্যুৎকেন্দ্র তৈরিতে সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলির সঙ্গে চুক্তি হয়।
এতে সব মিলিয়ে ব্যয় হবে তিন হাজার চারশ ৩৯ কোটি টাকা।
সাধারণ বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় 'পিকিং' বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন চালু রাখা হয়।
চুক্তি স্বাক্ষরে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় পাবনার বেড়ায় ৭০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র তৈরি করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান হুন্দাই। এতে ব্যয় হবে চারশ ৮৪ কোটি টাকা।
চট্টগ্রামে একশ মেগাওয়াট ক্ষমতার পৃথক দুইটি কেন্দ্র তৈরির কাজ পেয়েছে চীনের গুয়াঙদঙ পাওয়ার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। এ কেন্দ্র দুইটির একটি হবে নয়শ আট কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের হাটহাজারিতে। নয়শ ৭১ কোটি টাকা ব্যয়ে আরেকটি কেন্দ্র হবে দোহাজারিতে।
গোপালগঞ্জে ছয়শ ৯৩ কোটি টাকা ব্যয়ে একশ মেগাওয়াটের একটি এবং ফরিদপুরে তিনশ ৮৩ কোটি টাকা ব্যয়ে ৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে।
ওই দুই কেন্দ্র তৈরির কাজ পেয়েছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশ ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের কনসোর্টিয়াম।
সবগুলো বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালের আগস্ট মাসে উৎপাদনে যাওয়ার কথা বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎকেন্দ্রগুলো তৈরির দরপত্র ডাকা হয় গত বছরের সেপ্টেম্বর মাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/পিডি/২২০৫ ঘ.
bdnews24