২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের কাছে ক্ষমা চাইলেন রমনার ওসি

আদালতের নির্দেশ আমান্য করার ঘটনায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শিবলী নোমান ঢাকার একটি আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 03:02 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশ আমান্য করার ঘটনায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শিবলী নোমান ঢাকার একটি আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন। সোমবার তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মেহেদী হাসান তালুকদারের কাছে ক্ষমা চান। শিবলী নোমান হাকিমকে বলেন, আদালতের আদেশ বুঝতে না পারায় তিনি ভুল করেছিলেন। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো.শরফুল আলমসহ চার জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আদালতের নির্দেশ অমান্য করায় গত ৬ এপ্রিল রমনা থানার ওসিকে কারণ দর্শাতে বলা হয়েছিল। গত ২৪ মার্চ প্রতারনা, চাঁদাবাজি, লুটতরাজসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ওই মামলা সরাসরি এজাহার হিসাবে গ্রহণ করতে ঢাকার মুখ্য মহানগর হাকিম রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ওসি অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ না করে আদালতে শুধুমাত্র একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এজাহার হিসেবে গ্রহণের আদেশ না মেনে আদালতে প্রতিবেদন দেওয়ায় বিচারক ওই পুলিশ কর্মকর্তাকে ৭ দিনের মধ্যে এর কারণ ব্যাখ্যা করতে বলেন। নথিপত্রে দেখা যায়, আদালতে মামলাটি করেন সিদ্ধেশ্বরীর অরুণোদয় অ্যাপার্টমেন্টের বি/২ ফ্ল্যাটের বসিন্দা মো.শরীফউল্লাহ মজুমদার। সচিব শরফুল ছাড়া মামলার অন্য আসামীরা হলেন, তার চাচাতো ভাই এ বি সিদ্দিক ওরফে রেণু, মো. রবিউল, নূর ইসলাম ও আল আমিন। সোমবার আদালত ওই মামলাটি এজাহার হিসাবে গণ্য করতে ওসিকে আবারো নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০৫৪ ঘ.